ঢাকা, জুলাই ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গণপিটুনিতে নিহত ছয় ছাত্রের পরিবারের সাক্ষ্য নেওয়ার পর পুলিশের তদন্ত কমিটি আমিনবাজারে ঘটনাস্থল পরিদর্শন করেছে।
পুলিশের উপ মহাপরিদর্শক (প্রশাসন) আমির উদ্দিন নেতৃত্বাধীন কমিটি রোববার সকালে মিরপুরের দারুস সালাম এলাকা থেকে কাজ শুরু করে।
তারা প্রথমে গণপিটুনিতে আহত আল আমিনের সাক্ষ্য নেয়। এরপর বক্তব্য শোনে নিহতদের পরিবারের সদস্যদের। নিহত ছাত্রদের প্রায় সবাই ওই এলাকার বাসিন্দা।
তদন্ত দল দুপুর পৌনে ১টার দিকে আমিন বাজারের বরদেশী এলাকার কেবলার চরে যায়। গত ১৭ জুলাই শবে বরাতের রাতে সেখানেই ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত হয়। আহত হয় তাদের বন্ধু আল আমিন।
তদন্ত দলের সদস্যরা প্রথমে এলাকাবাসী এবং ছাত্রদের লাশ উদ্ধারকারী সাভার থানার দুই পুলিশ কর্মকর্তা উপপরিদর্শক আনোয়ার হোসেন ও হারেজ উদ্দিনের কাছে ঘটনার বর্ণনা শোনে।
আমির উদ্দিন সাংবাদিকদের বলেন, "আমরা মূল ঘটনাটি উদ্ঘাটন করতে এসেছি। অনুসন্ধান চালিয়ে প্রতিবেদন দেবো।"
গণপিটুনির এ ঘটনা খতিয়ে দেখতে গত ২১ জুলাই চার সদস্যের এ তদন্ত কমিটি গঠন করে পুলিশ। এ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মাসুদ করিম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার শেখ মো. রেজাউল হায়দার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। রফিকুল কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এলএইচ/এমআই/১৪০০ ঘ.
bdnews24