২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমতলীতে ১৪৪ ধারা

এক স্থানে একই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও যুবলীগ সভা ডাকায় বরগুনা জেলার আমতলী উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 12:34 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

বরগুনা, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- এক স্থানে একই সময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ ও যুবলীগ সভা ডাকায় বরগুনা জেলার আমতলী উপজেলায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন। শনিবার সকাল ১১টায় কেন্দ্রীয় ঈদগাহ মাঠে ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মাওলানা সৈয়দ মো. রেজাউল করিম জনসভা ডাকেন। ওই স্থানে একই সময়ে যুবলীগ জনসভার ডাক দেয়। ফলে উত্তেজনা সৃষ্টি হলে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির আশঙ্কায় ১৪৪ ধারা জারি করে সভা সমাবেশে নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে বলে উপজেলা নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ মশিউর রহমান জানান। তিনি বলেন, সংঘাতময় পরিস্থিতি এড়াতে সকাল ৮টা থেকে রাত ৮টা পর্যন্ত সব ধরনের সভা সমাবেশ নিষিদ্ধ করা হয়েছে। ইসলামী আন্দোলনের আমতলী উপজেলা সভাপতি শাহআলম তালুকদার বলেন, "১৪৪ ধারা জারি করায় আমাদের দলের আমির কর্মসূচী বাতিল করে ফিরে গেছেন। জনসভা করার জন্য আমরা পৌর মেয়রের অনুমতি নিয়েছি। যুবলীগ উদ্দেশ্য প্রণোদিতভাবে একই স্থানে একই সময়ে সভা ডেকে আমাদের জনসভা পণ্ড করে দিয়েছে।" উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক জি এম হাসান বলেন, "কারো সভা বন্ধ করার জন্য নয়, জঙ্গিবাদ ও ধর্ম নিয়ে রাজনীতির বিরুদ্ধে জনসভা ডেকেছিলাম।" আমতলী থানার ওসি বাবুল আখতার জানান, শহরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮৩২ ঘ.