২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কুষ্টিয়ায় পুলিশের উপর হামলা, ৩ শ্রমিক আটক

কুষ্টিয়ার কেন্দ্রীয় বাস টার্মিনালে আসামি ধরতে গেলে শ্রমিকের হামলায় অন্তত দুই পুলিশ আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 12:23 PM

Updated : 24 Aug 2022, 03:37 PM

কুষ্টিয়া, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কুষ্টিয়ার কেন্দ্রীয় বাস টার্মিনালে আসামি ধরতে গেলে শ্রমিকের হামলায় অন্তত দুই পুলিশ আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। শনিবার সকালে এ ঘটনায় দুই পুলিশ সদস্য আহত হন। পুলিশ ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করেছে। কুষ্টিয়া মডেল থানার আহত উপ-পরিদর্শক (এসআই) ময়েন উদ্দিন ও এক কনস্টেবলকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে। কুষ্টিয়া মডেল থানার সহকারী পুলিশ সুপার (এএসপি) সরোয়ার জাহান সাংবাদিকদের জানান, সকাল ৯টার দিকে পুলিশের একটি দল চৌড়হাস এলাকায় বাস টার্মিনাল থেকে হত্যা মামলার আসামি সোহেল আহমেদকে (২৫) আটক করে। সোহেল বাসের সহকারী ও মোটর শ্রমিক ইউনিয়নের সদস্য। গত মার্চ মাসে কুষ্টিয়ার চৌড়হাস এলাকায় লাল চাঁদ নামের এক স্কুল ছাত্র নিহত হয়। সোহেল ওই হত্যা মামলার আসামি। এএসপি দাবি করেন, সোহেলের আটকের সংবাদ পেয়ে বাস টার্মিনালের শ্রমিকরা পুলিশের ওপর ইট-পাটকেল নিক্ষেপ করে। পরে অতিরিক্ত পুলিশ গিয়ে তাদের ধাওয়া দিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। পুলিশ কর্মকর্তা জানান, ঘটনাস্থল থেকে তিন জনকে আটক করা হয়েছে। সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দোষীদের বিরুদ্ধে মামলা করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮১৬ ঘ.