২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালের পাঁচ রুটে বাস চলাচল বন্ধ

ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বরিশালের পাঁচটি রুটে বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Jul 2011, 11:52 AM

Updated : 24 Aug 2022, 03:37 PM

বরিশাল, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকদের সঙ্গে দ্বন্দ্বের জের ধরে বরিশালের পাঁচটি রুটে বাস চলাচল দ্বিতীয় দিনের মতো বন্ধ রেখেছেন মালিক ও শ্রমিকরা। অপরদিকে শুক্রবার বাস মালিক ও শ্রমিকরা পুলিশের গাড়িতে হামলা চালানোর ঘটনায় পুলিশ দেড়শ' জনকে আসামি করে একটি মামলা দায়ের করেছে। গ্রেপ্তার করা হয় পাঁচ শ্রমিককে। শুক্রবার সকাল ১১টা থেকে বরিশালের চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে ভোলাসহ পাঁচটি রুটে বাস চলাচল বন্ধ রয়েছে। এতে সাধারণ যাত্রীদের দুর্ভোগ পোহাতে হচ্ছে। যাত্রীরা বাসের বিকল্প হিসেবে নৌকা বা ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে যাতায়াত করছে। নৌ-বন্দর থানার ওসি ফিরোজ আহমেদ বলেন, সরকারি কাজে বাধা ও কর্তব্যরত পুলিশ সদস্যদের মারধরের ঘটনায় দেড়শ' জনকে আসামি করে শুক্রবার রাতে থানায় মামলা দায়ের হয়েছে। শনিবার সকাল পর্যন্ত পাঁচ শ্রমিককে গ্রেপ্তার করা হয়েছে। এরা হলেন- পরিবহন শ্রমিক সেন্টু হাওলাদার, জাকির হোসেন, জাহিদ মজুমদার, রিপন হাওলাদার ও তপন সাহা। গ্রেপ্তারকৃতদের আদালতে হাজির করলে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। চরকাউয়া বাস মালিক সমিতির সভাপতি মো. শাহাদাত হোসেন বলেন, গ্রেপ্তার আতঙ্কে শ্রমিকরা আত্মগোপন করে আছে। তিনি বলেন, গ্রেপ্তারের নামে শ্রমিকদের হয়রানি বন্ধ, পাঁচটি রুটে অবৈধ মোটরসাইকেল বন্ধ না হওয়া পর্যন্ত শ্রমিকরা ওই রুটে বাস চলাচল শুরু করবে না। চরকাউয়া বাসস্ট্যান্ড থেকে ভোলাসহ পাঁচটি রুটে বাসের পাশাপাশি ভাড়ায় চালিত মোটর সাইকেলেও যাত্রী পরিবহন করা হয়। কিন্তু চরকাউয়া বাস মালিক সমিতি ও শ্রমিক সমবায় সমিতি বেশ কিছুদিন ধরে ভাড়ায় চালিত মোটর সাইকেল চলাচলে বাধা দিচ্ছে। এই দ্বন্দ্বের জের ধরে শুক্রবার সকালে ভাড়ায় চালিত মোটরসাইকেল চালকরা বাকেরগঞ্জ উপজেলার সটিখোলা বেইলি ব্রিজের পাত তুলে ফেলে এবং কাটাদিয়া এলাকায় সড়কের ওপর গাছ ফেলে অবরোধ সৃষ্টি করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৭৪৯ ঘ.