সাভার, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে পিটিয়ে ৬ ছাত্রকে হত্যার ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ দুই জনকে গ্রেপ্তার করেছে।
শনিবার ভোরে আমিনবাজারের বড়দেশী এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
সাভার থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান জানান, গ্রেপ্তার দুজন হচ্ছে বড়দেশী পশ্চিমপাড়া এলাকার মৃত হারেস আলীর পুত্র ছানোয়ার হোসেন (২৯) ও একই এলাকার মৃত ফুল চাঁন মৃধা ওরফে রব মৃধার পুত্র মো. সেলিম (২৬)।
গত শনিবার রাত পৌনে ২টার দিকে আমিনবাজারের বড়দেশী এলাকার কেবলার চড়ে ডাকাত সন্দেহে এলাকাবাসী ৭ ছাত্রকে গণপিটুনি দেয়। এতে ইব্রাহিম খলিল (২৪), শহিদুর রহমান পলাশ (২৬), কামরুজ্জামান কান্ত (২৪), টিপু সুলতান (২৩), শামস্ রহিম শাম্মাম (২২) ও মনির হোসেন (২৫) ঘটনাস্থলেই নিহত হয়। আল-আমিন নামের অপর ছাত্র আহত হয়।
এ ঘটনায় সাভার মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) আনোয়ার হোসেন বাদী হয়ে ৫০০/৬০০ জন এলাকাবাসীকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করেন।
এছাড়া ডাকাতির ঘটনা উল্লেখ করে শাহাদাৎ এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠানের মালিক স্থানীয় আব্দুল মালেক বাদী হয়ে আহত-নিহত ও অজ্ঞাত ১৫/২০ জনকে আসামি করে একটি ডাকাতির মামলা দায়ের করেন।
দুটি মামলারই তদন্ত কর্মকর্তা সাভার থানার পরিদর্শক (তদন্ত) মতিয়ার রহমান।
তিনি শনিবার সকালে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর রাত ৪টা থেকে আমিনবাজারের বড়দেশী এলাকায় চিরুনি অভিযান চালানো হয়। ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামের নেতৃত্বে দুই শতাধিক পুলিশ সদস্য এই অভিযানে অংশ নেয়।
মতিয়ার রহমান আরো জানান, এলাকা পুরুষ শূন্য। তবে সবাইকে গ্রেপ্তারের আওতায় আনা হচ্ছে না। পুলিশ ও বিভিন্ন গোয়েন্দা সংস্থার তথ্য অনুযায়ী বড়দেশী এলাকায় অর্ধ শতাধিক অপরাধীর তালিকা করা হয়েছে। সে তালিকা অনুযায়ী ভোরে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
তাদের জিজ্ঞাসাবাদ চলছে। হত্যা মামলায় দুই জনের নাম অন্তর্ভূক্ত করা হবে।
মতিয়ার রহমান আরো জানান, হত্যা মামলাটি সিআইডিতে হস্তান্তরের প্রক্রিয়া চুড়ান্ত হয়েছে। সিআইডির তদন্ত কর্মকর্তা ঘটনাস্থল পর্যবেক্ষণ করবেন এবং মামলার দায়িত্ব বুঝে নিবেন।
ডাকাতি মামলাটিও সিআইডিতে হস্তান্তর করা হবে কিনা জানতে চাইলে তিনি বলেন, ডাকাতি মামলার বিষয়ে এখনও কোন নির্দেশ পাইনি।
গ্রেপ্তারকৃত ছানোয়ার হোসেন বলেন, ঢাকা-আরিচা মহাসড়কের পাশে বড়দেশী এলাকায় আমার চা-পানের দোকান রয়েছে। সকাল সাড়ে ৬টার দিকে দোকান খুলতে এলে পুলিশ আমাকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসে। ঘটনার রাতে আমি মাইকে ডাকাতির কথা শুনেছি। কিন্তু ঘটনাস্থলে যাইনি।
গ্রেপ্তারকৃত মো. সেলিম বলেছে, আমি সাটুরিয়া-বালিয়া সড়কে বাসের চালক। ভোর রাতে পুলিশ বড়দেশী এলাকার বাড়ী থেকে আমাকে গ্রেপ্তার করে। ঘটনার রাতে আমি ঘর থেকে বের হইনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৩০৫ ঘ.
bdnews24