মৌলভীবাজার, জুলাই ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৌলভীবাজারের রাজনগর উপজেলায় ট্রাক ও প্রাইভেট কারের মুখোমুখি সংঘর্ষে প্রাইভেট কারের চালক নিহত হয়েছেন।
আহত হয়েছেন কারের যাত্রী এনামুল ইসলাম।
মৌলভীবাজার-কুলাউড়া সড়কের চাটুরা এলাকায় শনিবার ভোর ৫টার দিকে এ দূর্ঘটনা ঘটে।
কার চালক জামাল উদ্দিনের (৩২) বাড়ি কুলাউড়া উপজেলার জয়পাশা গ্রামে।
গুরুতর আহতাবস্থায় এনামুল ইসলামকে (৫৫) মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। পরে তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রাজনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহনেওয়াজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, এনামুল ইসলাম তার ব্যক্তিগত গাড়িযোগে মৌলভীবাজার থেকে কুলাউড়া ফিরছিলেন। ভোর ৫টার দিকে চাটুরা এলাকায় বিপরীত দিকে থেকে আসা একটি ট্রাকের সাথে তার গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে চালক ঘটনাস্থলেই নিহত হয়।
স্থানীয় লোকজন এনামুল ইসলামকে আহতাবস্থায় মৌলভীবাজার সদর হাসপাতালে পাঠায়।
দূর্ঘটনার পর চালক ট্রাক নিয়ে পালিয়ে গেছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১১৫২ ঘ.
bdnews24