২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

একমাস বিদ্যুৎ নেই

ট্রান্সফর্মার বিকল হওয়ায় চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামে একমাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 22 Jul 2011, 05:00 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চাঁদপুর, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সফর্মার বিকল হওয়ায় চাঁদপুরের হাইমচর উপজেলার গন্ডামারা গ্রামে একমাস ধরে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এর প্রতিবাদে শুক্রবার দুপুরে গ্রামবাসী এলাকায় বিক্ষোভ মিছিল করেছে। গ্রামবাসী জানায়, গত ১৩ জুন থেকে তাদের একমাত্র ট্রান্সফর্মারটি বিকল হয়ে পড়ায় পুরো গ্রামে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এখানে রয়েছে পল্লী বিদ্যুতের ৩৮টি মিটার। তাদের অভিযোগ, বিষয়টি স্থানীয় পল্লী বিদ্যুৎ অফিসকে জানানো হলে ট্রান্সফর্মার মেরামত খরচ বাবদ তারা ২১ হাজার ১৪৫ টাকা চেয়েছে। গ্রামের লোকজন তা দিতে না পারায় ট্রান্সফর্মার মেরামত করা হচ্ছে না। হাইমচর পল্লী বিদ্যুৎ কার্যালয়ের ইনচার্জ খলিলুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, অতিরিক্ত ওভারলোডের কারণে গন্ডামারা গ্রামের ট্রান্সফর্মারটি গতমাসে নষ্ট হয়ে যায়। এটি মেরামত খরচ বাবদ যে টাকা চাওয়া হয়েছে তা নিয়ম মেনেই চাওয়া হয়েছে। গন্ডামারা এবিএস ফাজিল মাদ্রাসার ৮ম শ্রেণীর শিক্ষার্থী আলী হোসেন বলেন, বিদ্যুৎ না থাকায় পড়াশুনা করতে বেশ সমস্যা হচ্ছে। গ্রামের সওদাগর বাড়ির গৃহিনী শরীয়তুন্নেছা বেগম (৫৫) বলেন, "বিদ্যুৎ নাই, ফ্রিজে থাকা সবকিছু নষ্ট হয়া গেছে। এই গরমে খুব কষ্ট হইতাছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৫১ ঘ.