চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় একটি কারখানায় তাঁত মেশিনের সঙ্গে ওড়না পেঁচিয়ে এক নারী শ্রমিকের মৃত্যু হয়েছে।
নিহত বিবি কুলসুম (১৯) নোয়াখালীর বেগমগঞ্জ এলাকার মৃত বেলাল হোসেনের মেয়ে।
সীতাকুণ্ড থানার উপ-পরিদর্শক মো. শাহজান মিয়া বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত দেড়টার দিকে কদমরসূল এলাকার সানম্যান টেক্সটাইল মিলে রাতের শিফটে কাজ করার সময় তাঁত মেশিনে ওড়না পেঁচিয়ে গেলে গুরুতর আহত হন কুলসুম।
গুরুতর আহত অবস্থায় রাত আড়াইটার দিকে কুলসুমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় শুক্রবার সকালে সানম্যান টেক্সটাইল মিলের প্রোডাকশন ম্যানেজার হারুনুর রশিদ সীতাকুণ্ড থানায় একটি অপমৃত্যু মামলা করেছেন।
টেক্সটাইল মিলটি অবসরপ্রাপ্ত মেজর মান্নানের মালিকানাধীন বলে জানান শাহজাহান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/সিএম/এএল/১৯৪৬ ঘ.
bdnews24