সিরাজগঞ্জ, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দিনের ব্যবধানে দ্বিতীয় দফা ভাঙনে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ার পর সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ধস ঠেকাতে কাজ শুরু করেছে স্থানীয় প্রশাসন।
শুক্রবার সকাল থেকে এ সংস্কার কাজ শুরু হয়েছে বলে সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখার উপ-সহকারী প্রকৌশলী শমসের আলী মন্টু জানিয়েছেন।
ধসে যাওয়া স্থানে দুটি বার্জ ও বেশ কয়েকটি নৌকায় করে বালিভর্তি জিওব্যাগ ও সিসি ব্লক ফেলতে দেখা যায়।
বৃহস্পতিবার রাত ১০টার দিকে জেলা শহরের পুরনো জেলখানা মসজিদের কাছে বাঁধের ১৬০ মিটার এলাকায় ধস নামে। এর আগে সোমবার রাতে যমুনার ভাঙনে ধসে যায় ৫০ মিটার এলাকা।
বৃহস্পতিবার রাতে ভাঙন শুরুর পরপরই হাজার হাজার মানুষ বাঁধের পাশে রাখা কংক্রিটের ব্লক ও জিও ব্যাগে বালি ভরে নদীতে ছুড়ে ভাঙন ঠেকানোর চেষ্টা শুরু করেন। এক ঘণ্টা পরও প্রশাসন বা পানি উন্নয়ন বোর্ডের কেউ এগিয়ে না আসায় বিক্ষুব্ধ হয়ে ওঠে তারা।
রাতে পানি উন্নয়ন বোর্ড বিশেষায়িত শাখা অফিসে এবং আবাসিক এলাকায় বিক্ষুব্ধ জনতা হামলা চালিয়ে দরজা-জানালা ও আসবাবপত্র ভাংচুর করে।
এদিকে ভাঙন শুরুর পর রাত সাড়ে ১২টার দিকে পুলিশ মাইকে ঘোষণা দিয়ে লোকজনকে নিরাপদে সরে যেতে বলে। তখন স্থানীয় বাসিন্দারা নদী তীর থেকে ঘরবাড়ি সরিয়ে নিতে শুরু করেন।
সকালে সেখানে গিয়ে গয়লা গ্রামের নুরজাহান বেগমকে সংসারের আসবাবপত্র নিয়ে নিরাপদ আশ্রয়ের সন্ধান করতে দেখা যায়।
কান্নাজড়িত কণ্ঠে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা এ্যাহন কনে যামু বাবা। কে আমাগোরে আশ্রয় দিবো। নদী আমাগোরে সব শেষ করে দিচ্ছে।"
ধস বাড়ার আগেই সহায়-সম্বল নিরাপদ স্থানে সরিয়ে নেওয়ার ব্যস্ততাও চোখে পড়ে।
ঘরের টিন খুলতে ব্যস্ত জসিম সেখ বলেন, "শেষ সম্বল এ ঘরটিও যদি নদীতে চলে যায় তাহলে সংসারে আর কিছুই থাকবে না।"
স্থানীয়দের অভিযোগ, বাঁধ মেরামতের টাকা কর্মকর্তারা লোপাট করায় প্রতিবছরই ভাঙন দেখা দিচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/১৫৫৫ ঘ.
bdnews24