চট্টগ্রাম, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের ভূজপুর ধানার নারায়ণহাট বাজারে আগুনে ৩৩টি কাঁচা দোকান ঘর পুড়েছে বলে অগ্নি নির্বাপক বাহিনী জানিয়েছে।
একটি চায়ের দোকানের রান্নার চুলা থেকে শুক্রবার রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয় বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন অগ্নি নির্বাপক বাহিনীর আগ্রাবাদ নিয়ন্ত্রণ কক্ষে দায়িত্বরত কর্মকর্তা ইসমাইল হোসেন।
তিনি বলেন, ফটিকছড়ি রামগড় ফায়ার স্টেশনের একটি ইউনিট ঘটনাস্থলে এসে ভোর ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
আগুনে চা, মুদি, আসবাবপত্রেরসহ বিভিন্ন ধরনের ৩৩টি কাঁচা দোকান পুড়ে সাড়ে ১০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানান ইসমাইল।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এমআই/১৩০০ ঘ.
bdnews24