ঢাকা, জুলাই ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর সূত্রাপুর এলাকায় সন্ত্রাসীদের গুলিতে একজন নিহত হয়েছে। নিহত মো. শহীদ বাংলাবাজার বুক বাইন্ডার সমিতির সাধারণ সম্পাদক বলে জানিয়েছে পুলিশ।
সূত্রাপুর থানার এসআই আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সোয়া ১১টার দিকে জাস্টিস লালমোহন দাস লেনের কুলুটোলা এলাকায় এ ঘটনা ঘটে।
গুলিবিদ্ধ শহীদকে (৩৫) আহত অবস্থায় প্রথমে ন্যাশনাল হাসপাতালে ও সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এসআই আমিনুল জানান, শহীদের বাবার নাম পান্না মিয়া। বাংলাবাজারের নর্থব্র"ক হল রোডে তাদের বাসা।
শহীদের ভাই মো. শাহজাহান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে মোটর সাইকেলে করে বাড়ি ফেরার সময় সন্ত্রাসীদের হামলার শিকার হয় শহীদ। তার কপালের ডান পাশে ও বুকে গুলি লাগে।
ঘটনাস্থল থেকে শহীদের মোটরসাইকেলটি উদ্ধার করা হয়েছে বলে এসআই আমিনুল জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/জেকে/০১৫১ ঘ.
bdnews24