২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশালে পুলিশকে মারধর, ছাত্রলীগের ২ কর্মী গ্রেপ্তার

বরিশালে এক ট্রাফিক পুলিশকে পেটানোর অভিযোগে মহানগর ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 06:19 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

বরিশাল, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশালে এক ট্রাফিক পুলিশকে পেটানোর অভিযোগে মহানগর ছাত্রলীগের দুই কর্মীকে গ্রেপ্তার করা হয়েছে। এর হলেন, মহানগর ছাত্রলীগের বিলুপ্ত আহ্বায়ক কমিটির সদস্য মো. ইকবাল (৩০) ও সরকারি বরিশাল কলেজ ছাত্রলীগের কর্মী মামুন হোসেন (৩০)। ট্রাফিক পুলিশের সার্জেন্ট মো. হেলালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নিবন্ধনবিহীন মোটর সাইকেল চালিয়ে যাওয়ার কারণে মামুন ও মো. ইকবালকে বৃহস্পতিবার সকালে নগরীর জিলা স্কুল মোড়ে অস্থায়ী চেকপোস্টে আটকানো হয়। হেলালউদ্দিন বলেন, "এ সময় তারা আমার ও সার্জেন্ট সঞ্জিবের সঙ্গে দুর্ব্যবহার করে। এক পর্যায়ে তারা আমাদের গায়ে হাত তোলে এবং সরকারি মোটরসাইকেল ফেলে ক্ষতিগ্রস্ত করে।" তখন মামুনকে আটক করা হলেও ইকবাল পালিয়ে যান বলে উল্লেখ করেন এই পুলিশ সার্জেন্ট। এ ঘটনায় ট্রাফিক পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বাদী হয়ে ওই দুই ছাত্রলীগ কর্মীর বিরুদ্ধে মামলা করেন। পরে বিকালে ইকবাল কোতয়ালী থানায় গিয়ে পুলিশের সঙ্গে দুর্ব্যবহার করলে তাকে গ্রেপ্তার করা হয়। কোতয়ালী থানার ওসি জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ইকবাল ও মামুনকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০০১৮ ঘ.