২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

হরতালে লাঠিপেটা: খুলনায় পুলিশের বিরুদ্ধে মামলা

সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে লাঠিপেটার অভিযোগে খুলনায় ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 06:16 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

খুলনা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিলের প্রতিবাদে বিএনপির ডাকা হরতালে লাঠিপেটার অভিযোগে খুলনায় ৯ পুলিশ সদস্যের বিরুদ্ধে মামলা হয়েছে। খুলনা মেট্রাপলিটন পুলিশের (কেএমপি) সদর জোনের সহকারী কমিশনার মো. আলিমুজ্জামান, খুলনা সদর থানার ওসি এস এম কামরুজ্জামান, উপ-পরিদর্শক পুষ্পেন দেবনাথ ও বয়রা পুলিশ লাইনের পরিদর্শক শাহজাহানসহ মোট নয় পুলিশ সদস্যকে আসামি করে ওই মামলা করেছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। ফোরামের সদস্য ও খুলনা জেলা আইনজীবী সমিতির সদস্য শেখ রফিকুজ্জামান বৃহস্পতিবার খুলনার মুখ্য মহানগর হাকিমের আমলী আদালত 'ক' অঞ্চলে এই মামলা করেন। আদালত মামলা আমলে নিয়ে একজন ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দিয়েছে। অন্য আসামিরা হলেন- কনস্টেবল জয়নুল, কামরুল, নাজিবুল ইসলাম, তারেক ও মুক্তি বিশ্বাস। মামলায় অভিযোগ করা হয়েছে, গত ৬ জুলাই হরতাল চলাকালে বেলা ১টার দিকে শেখ রফিকুজ্জামানসহ ৩০ থেকে ৪০ জন আইনজীবী গ্রেপ্তার হওয়া অ্যাডভোকেট মশিউর রহমান নান্নুুকে দেখতে আদালতের সামনের গারদখানায় যান। কিন্তু সেখানে তাকে না পেয়ে আবার আইনজীবী সমিতিতে ফিরে আসার সময় মামলার আসামি পুলিশ সদস্যরা তাদেরকে লাঠিপেটা করে। এতে বাদীসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন। খুলনা জেলা আইনজীবী সমিতির সভাপতি শেখ মাসুদ হোসেন রনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আদালত মামলাটি আমলে নিয়ে একজন ম্যাজিস্ট্রেটকে তদন্তের নির্দেশ দিয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএইচ/জেকে/০০০৭ ঘ.