২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জাহাজ ভাঙা: ৭ প্রতিষ্ঠানকে ৩৬ লাখ টাকা জরিমানা

ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে কাজ করায় সীতাকুণ্ডের সাত জাহাজ ভাঙা প্রতিষ্ঠানকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 04:12 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাড়পত্রের শর্ত লঙ্ঘন করে কাজ করায় সীতাকুণ্ডের সাত জাহাজ ভাঙা প্রতিষ্ঠানকে ৩৬ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করেছে পরিবেশ অধিদপ্তর। প্রতিষ্ঠানগুলো হলো- আবুল বাশারের মালিকানাধীন জাহানাবাদ শিপব্রেকার্স লিমিটেড (৫০ হাজার টাকা), আবুল কালামের মালিকানাধীন যমুনা স্টিল (পাঁচ লাখ), একই মালিকের তানিয়া এন্টারপ্রাইজ (১০ লাখ), নাজিম উদ্দিনের সিকো স্টিল (১০ লাখ), মিজানুর রহমান শাহীনের মিসম্যাক শিপব্রেকিং ইন্ডাস্ট্রিজ (পাঁচ লাখ), আল মামুন শরীফের এ এম এন স্টিল (এক লাখ) এবং সেকান্দার হোসেনের কে আর স্টিল লি. (পাঁচ লাখ)। ইয়ার্ডগুলো সীতাকুণ্ড উপজেলার কদমরসূল, দক্ষিণ শীতলপুর, সোনাইছড়ি এবং উত্তর ছলিমপুর এলাকায় অবস্থিত। প্রতিষ্ঠানগুলোর মালিকদের ২৮ জুলাইয়ের মধ্যে ছাড়পত্রের সব নির্দেশনা মানার নির্দেশ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার অধিদপ্তরের মহাপরিচালক মনোয়ার ইসলামের নেতৃত্বে একটি দল সীতাকুণ্ডের বিভিন্ন শিপ ব্রেকিং ইয়ার্ড পরিদর্শন শেষে এ জরিমানা করে। পরিবেশ অধিদপ্তরের চট্টগ্রামের সহকারী পরিচালক (কারিগরী) তাজমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পরিবেশগত ছাড়পত্রের শর্ত যথাযথভাবে অনুসরণ না করে পুরনো জাহাজ ভাঙায় ইয়ার্ডগুলোকে জরিমানা করা হয়। "অধিদপ্তরের টিম ইয়ার্ড পরিদর্শনকালে সাতটি ইয়ার্ডে শর্ত পালনে অসঙ্গতি পেয়েছে।" তিনি জানান, বিশেষ করে শ্রমিকরা কাজ করার সময় হেলমেট, হ্যান্ড গ্লাভস, সুরক্ষা পোশাক, সেফটি জুতো, নোজ মাস্ক না পড়া ইত্যাদি উল্লেখযোগ্য। এছাড়া জাহাজ থেকে নিঃসরিত তেল ও স্লাগ পরিবেশ ছাড়পত্রধারী প্রতিষ্ঠানের কাছে বিক্রির শর্ত থাকলেও প্রতিষ্ঠানগুলো তা লঙ্ঘন করেছে। অভিযানে চট্টগ্রাম পরিবেশ অধিদপ্তরের পরিচালক জাফর আলম, উপ-পরিচালক (ছাড়পত্র) নজমুল আহসান উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/পিডি/২২০৯ ঘ.