২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কাকরাইলে লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যু

রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 02:13 PM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর কাকরাইলে একটি নির্মাণাধীন বহুতল ভবনের লিফট ছিঁড়ে চার শ্রমিকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে কাকরাইল পেট্রাল পাম্পের পাশে আইরিশ নূরজাহান টাওয়ারে এই দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। নিহতরা হলেন- মো. জাহিদুল (২৪), আবদুর রহমান (২০), রুবেল (২০) ও দেলোয়ার (২০)। রমনা থানার ওসি মো. রফিকুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চার শ্রমিক নির্মণাধীন ওই ভবনের লিফটে করে টাইলস নিয়ে ১৩ তলায় ওঠার সময় লিফট ছিঁড়ে নিচে পড়ে যায়। এতে তারা গুরুতর আহত হন। "সন্ধ্যা সোয়া ৭টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন," বলেন ওসি। তিনি জানান, 'বিল্ডিং ফর ফিউচার লিমিটেড' নামের একটি প্রতিষ্ঠান ভবনটি নির্মাণের দায়িত্বে রয়েছে। ওই ভবনের জন্য টাইলস সরবরাহকারী ঠিকাদার মো. হান্নানকে আটক করে জিজ্ঞাসবাদ করা হচ্ছে। "এর পেছনে কারো কোনো অবহেলা রয়েছে কি না- তা খতিয়ে দেখা হচ্ছে," বলেন ওসি। রফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর রাত ১০টা পর্যন্ত কেউ থানায় অভিযোগ করতে আসেনি। কেউ না আসলেও পুলিশ বাদি হয়ে মামলা করবে। নির্মাণাধীন ২০ তলা ভবনটির শ্রমিকদের প্রধান মো. আজগর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে সাংবাদিকদের জানান, দুর্ঘটনার সময় লিফটে চারজন শ্রমিকই ছিলেন। এদের মধ্যে জাহিদুলের বাড়ি কুষ্টিয়া। বাকিদের বাড়ি চাঁদপুরে। গত দেড় মাস ধরে তারা এই ভবন নির্মাণে কাজ করছিলেন বলে আজগর জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এলএইচ/জেকে/২২২০ ঘ.