ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক পরিমল জয়ধরের স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহারের আবেদন নাকচ করেছে আদালত।
গত ১১ জুলাই হাকিমের কাছে দেওয়া ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রত্যাহরের জন্য বৃহস্পতিবার দুপুরে মহানগর হাকিমের আদালতে আবেদন জানান পরিমল। এ সময় তার পক্ষে জামিনের আবেদনও করা হয়।
তবে বিচারক সাবরিনা আলী নিয়ম অনুযায়ী পরিমলকে কারাকর্তৃপক্ষের মাধ্যমে জবানবন্দি প্রত্যাহারের আবেদনটি আদালতে দাখিলের নির্দেশ দেন। পরিমলের জামিনের আবেদনও নাকচ করে মামলার পরবর্তী দিন রাখেন আগামী ২৭ জুলাই।
স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে যা বলেছেন, তার সঙ্গে পরিমল একমত নন- এ কারণ দেখিয়ে ওই জবানবন্দি প্রত্যাহারের আবেদন করা হয়।
আদেশের পর সংশ্লিষ্ট আদালত পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপ-পরিদর্শক মজিবুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ধার্য তারিখে বিষয়টির ওপর আবার শুনানি হবে।
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ছাত্রীর অভিভাবক গত ৫ জুলাই বাংলার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দেশের নামকরা এ শিক্ষা প্রতিষ্ঠান।
পরিমল জয়ধরকে ভিকারুননিসা থেকে বরখাস্ত করার পর গত ৬ জুলাই ধর্ষণ মামলায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। গত ১১ জুলাই পরিমল মহানগর হাকিম শামীমা পারভীনের খাসকামরায় ১৬৪ ধারার স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। নির্যাতিত ওই ছাত্রীও পরে জবানবন্দি দেন।
এদিকে বাদির আইনজীবী ইস্কান্দার আলী মিয়া ও জিল্লুর রহমান তালুকদার বৃহস্পতিবার মামলার অপর দুই আসামি ওই স্কুলের অধ্যক্ষ হোসনে আরা বেগম এবং বসুন্ধরা শাখার সাবেক প্রধান লুৎফর রহমানকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়ার জন্য আদালতে আবেদন করেন।
আবেদনে তারা বলেন, আসামিরা গ্রেপ্তার না হওয়ায় মামলার আসল আলামত নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। তারা চক্রান্ত করে প্রকৃত সত্যকে আড়াল করে বিভিন্ন কাল্পনিক ঘটনা সাজিয়ে গণমাধ্যমের সামনে হাজির হচ্ছেন। মামলা দায়েরের পর ১৮ দিন পার হলেও এই দুই আসামিকে 'ইচ্ছাকৃতভাবে' গ্রেপ্তার করছে না পুলিশ।
বিচারক এ বিষয়ে কোনো আদেশ না দিয়ে আবেদনটি নথিতে রেখে দেন।
পরিমল জয়ধরের বাড়ি গোপালগঞ্জ জেলার কোটালিপাড়ার লাটেংগা গ্রামে। তার বাবার নাম ক্ষিতিশ জয়ধর। তিনি গত বছরের ২ সেপ্টেম্বর ভিকারুননিসার বসুন্ধরা শাখায় বাংলা বিভাগের শিক্ষক হিসাবে যোগ দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/আরএ/জেকে/১৭৫২ ঘ.
bdnews24