ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ছাত্রদলের কেন্দ্রীয় ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নতুন কমিটি ঘোষণার দাবিতে একদল কর্মী দলটির প্রধান কার্যালয়ে সভাপতি ও সাধারণ সম্পাদকের ছবি ভাংচুর করেছে।
বৃহস্পতিবার দুপুরে নয়া পল্টনে সংগঠনটির কেন্দ্রীয় কার্যালয়ে বিক্ষুব্ধ কর্মীরা কারাবন্দি সভাপতি সুলতান সালাউদ্দিন টুুকু ও সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান খোকনের মুক্তির দাবি সম্বলিত কয়েকটি ব্যানারে আগুন ধরিয়ে দেয়।
২০০৯ সালের জানুয়ারিতে সুলতান সালাউদ্দিন টুকুকে সভাপতি ও আমিরুল ইসলাম খান আলিমকে সাধারণ সম্পাদক করে কেন্দ্রীয় নির্বাহী সংসদ গঠিত হয়। চলতি বছরের জানুয়ারিতে ওই কমিটির মেয়াদ শেষ হয়েছে।
পুলিশের মতিঝিল বিভাগের উপ-কমিশনার আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ছাত্রদলের কয়েকজন কর্মী দুপুরে 'বর্তমান কমিটি চাই না' শ্লোগান দিয়ে অফিসে ঢুকে ছাত্রদলের সভাপতি টুকুর ছবি ভেঙে ফেলে ও অগ্নিসংযোগ করে।
বিক্ষুব্ধ কর্মীরা জানান, ঢাকা বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের বর্তমান কমিটির মেয়াদ শেষ হয়েছে। তারা নতুন কমিটি গঠনে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে।
কর্মীরা বলেন, বৃহস্পতিবার ভারপ্রাপ্ত সভাপতি শহিদুল ইসলাম বাবুল ও সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম খান আলিম সংগঠনের কার্যালয়ে একটি বৈঠক আহ্বান করেও তারা কেউ সেখানে যাননি।
পরে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিক্ষুব্ধ কর্মীদের পক্ষে চার নেতা ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক (পরে বহিষ্কৃত) আকরামুল ইসলাম মিন্টু, বর্তমান কেন্দ্রীয় কমিটির নাট্য সম্পাদক শফি মোহাম্মদ খান, সহ-সম্পাদক ইখতিয়ার উদ্দিন কবির ও মনিরুজ্জামান রেজিনকে বিশৃঙ্খলা বন্ধের নির্দেশ দেন।
আকরামুল ইসলাম মিন্টু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমরা মেয়াদোত্তীর্ণ কমিটি বাতিলের দাবির কথা বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবকে অবহিত করেছি। তিনি বলেছেন, কোনো দাবি-দাওয়া থাকলে তার প্রক্রিয়া মাফিক করতে হবে। কোনো বিশৃঙ্খলা সহ্য করা হবে না।"
ছাত্রদল সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিরুজ্জামান শিমুল বলেন, "আমাদের কেন্দ্রীয় কমিটির একটি বৈঠক ছিলো সকাল ১০টায়। কিন্তু বিএনপির ছাত্র বিষয়ক সস্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিভাইসহ কেন্দ্রীয় নেতাদের নির্দেশে বুধবার রাতেই বৈঠকটি সাময়িক স্থগিত করা হয়েছে।"
দলের কয়েকজন শীর্ষ নেতার আদালতে মামলার হাজিরা থাকায় বৈঠকটি স্থগিত করা হয় বলে জানান তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/আরএ/১৭৪৫ ঘ.
bdnews24