২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'পার্বত্য নেতাদের বড় অংশ মুক্তিযুদ্ধের বিরুদ্ধে ছিলো'

পার্বত্য চট্টগ্রামের নেতাদের একটি বড় অংশ একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বলে দাবি করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুহাম্মদ ইবরাহিম।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 11:39 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

চট্টগ্রাম, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পার্বত্য চট্টগ্রামের নেতাদের একটি বড় অংশ একাত্তরে মুক্তিযুদ্ধের বিরোধিতা করেছিল বলে দাবি করেছেন বাংলাদেশ কল্যাণ পার্টির সভাপতি অবসরপ্রাপ্ত মেজর জেনারেল মুহাম্মদ ইবরাহিম। তিনি বৃহস্পতিবার দুপুরে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে এক সেমিনারে মূল প্রবন্ধ উপস্থাপনের সময় এ কথা বলেন। অবসরপ্রাপ্ত এই সেনা কর্মকর্তা বলেন, "মুক্তিযুদ্ধে পার্বত্য চট্টগ্রামের নেতাদের একটি বড় অংশ বিপক্ষে, একটি ক্ষুদ্র অংশ পক্ষে এবং অধিকাংশই নিশ্চুপ ও নিরপেক্ষ ছিলেন।" পার্বত্য অঞ্চলে সশস্ত্র বিদ্রোহের কারণ হিসেবে ৭২'র সংবিধানে চাকমা ও বাঙালি নিয়ে বিতর্কই মূল বিষয়- এ কথা উল্লেখ করে তিনি বলেন, এর কারণেই জনসংহতি সমিতি এবং পরবর্তীতে শান্তিবাহিনীর জন্ম। 'চিটাগাং হিল ট্র্যাক্টস-চ্যালেঞ্জেস অব ইউনিটি' বিষয়ক সেমিনার আয়োজন করে 'সাউথ এশিয়া ইয়ুথ ফর পিস অ্যান্ড প্রোসপারিটি সোসাইটি' চবি চ্যাপ্টার। সংগঠনের সভাপতি ও সমাজতত্ত্ব বিভাগের সহযোগী অধ্যাপক মুনীরুল হাসান পরিচালনায় অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন চবি'র উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আলাউদ্দিন। সেমিনারে মুহাম্মদ ইবরাহিম বলেন, ১৯৭৬ সালে দেশের এক অগণতান্ত্রিক ও স্পর্শকাতর সময়ে পার্বত্য চট্টগ্রামে শান্তিবাহিনী সশস্ত্র বিদ্রোহে শুরু করে এবং তখন বিদ্রোহ দমনে সেনাবাহিনীর কোনো অভিজ্ঞতা ছিল না। অন্যদের মধ্যে চবি সমাজ বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জ্যোতি প্রকাশ দত্ত, আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সভাপতি ফরিদুল আলম, আইন বিভাগের অধ্যাপক ড. আব্দুল্লাহ আল ফারুক, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পদক নাজিমুদ্দিন শ্যামল বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমসি/পিডি/১৭৩৭ ঘ.