২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারের ঘটনা তদন্তে পুলিশের কমিটি

আমিনবাজারে পিটিয়ে ছাত্র মারার ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি করেছে পুলিশ। এদিকে ওই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে মিরপুরবাসী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Jul 2011, 08:16 AM

Updated : 24 Aug 2022, 03:36 PM

ঢাকা, জুলাই ২১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে পিটিয়ে ছাত্র মারার ঘটনা তদন্তে চার সদস্যের একটি কমিটি করেছে পুলিশ। এদিকে ওই ঘটনার প্রতিবাদে মানববন্ধন করেছে মিরপুরবাসী। ঘটনার দুই দিন পর বৃহস্পতিবার পুলিশ চার সদস্যের তদন্ত কমিটি গঠনের কথা জানিয়েছে। পুলিশ সদর দপ্তরের তথ্য কর্মকর্তা কামরুল আহসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশ সদর দপ্তরের উপ মহাপরিদর্শক (ডিআইজি -প্রশাসন) আমির উদ্দিনকে প্রধান করে এ কমিটি গঠন করা হয়েছে। এ কমিটিকে ১০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- পুলিশের বিশেষ শাখার (এসবি) বিশেষ পুলিশ সুপার মাসুদ করিম, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) বিশেষ পুলিশ সুপার শেখ মো. রেজাউল হায়দার এবং ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম। রফিকুল কমিটির সদস্য সচিবের দায়িত্ব পালন করবেন। গত সোমবার শবে বরাতের রাতে সাভারের আমিনবাজারে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ঢাকার ছয় ছাত্র নিহত হয়। নিহতরা মিরপুরের দারুস সালাম ও শ্যামলী এলাকার বাসিন্দা। ঘটনার পরদিনই স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন বলেন, এ ঘটনার তদন্ত হবে। আমিনবাজারে ছয় ছাত্রকে পিটিয়ে মারার ঘটনায় জড়িতদের শাস্তি দাবিতে বৃহস্পতিবার সকাল সাড়ে ১০টা থেকে দুপুর ১২টা পর্যন্ত কল্যাণপুর বাস স্ট্যান্ড থেকে মিরপুর ১ নম্বর বাস স্ট্যান্ড পর্যন্ত মানববন্ধন কর্মসূচি চলে। বিভিন্ন বয়সি নারী-পুরুষ ছাড়াও স্কুল ও কলেজের শিক্ষার্থী মিলিয়ে কয়েক হাজার মানুষ হাতে হাত ধরে এ কর্মসূচিতে অংশ নেয়। পিটিয়ে ছাত্র মারায় জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে কেন ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ কেন দেওয়া হবে না, সরকারের কাছে বুধবার তা জানতে চেয়েছে হাইকোর্ট। ওই ছাত্রদের জীবন রক্ষায় কর্তৃপক্ষের ব্যর্থতাকে কেন সংবিধান বহির্ভূত ও বেআইনি ঘোষণা করা হবে না, তাও জানতে চাওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এমআই/১৪০৬ ঘ.