ঢাকা, জুলাই ২০ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে ছয় ছাত্রের হত্যার ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দাবি করেছেন সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন।
বুধবার দুপুরে সমিতির জরুরি সাধারণ সভায় তিনি বলেন, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যর্থতার জন্যই এই ঘটনা ঘটেছে। তাই তাদেরকে বিচারের আওতায় আনতে হবে।
আইন-শৃঙ্খলা বাহিনীতে দলীয়করণের কারণে আস্থা সংকটে এ ধরনের ঘটনা ঘটেছে বলেও দাবি করেন বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা।
"ছয় ছাত্রকে কেন পিটিয়ে মারা হলো? কারণ সরকার আইন-শৃঙ্খলা বাহিনীকে দলীয়করণ করেছে। ফলে তাদের প্রতি মানুষের আস্থা নষ্ট হয়ে গেছে।"
সভায় তিনি সংবিধান সংশোধন করে তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের সমালোচনা করেন।
রোববার গভীর রাতে সাভারের আমিনবাজারের বড়দেশী গ্রামের কেবলার চরে ডাকাত সন্দেহে জনতার পিটুনিতে ছয় ছাত্র নিহত ও আরেক যুবক মারাত্মক আহত হন।
খন্দকার মাহবুব বলেন, ক্ষমতাসীনরা বিগত দিনের মতো নীলনকশার নির্বাচনের মাধ্যমে আগামীতেও ক্ষমতায় আসতে চায়।
ড. শাহদীন মালিক বলেন, "আমাদের সমাজ ভেঙে যাচ্ছে। কারণ বিচার বহির্ভূত হত্যা সমর্থন করলে সেই সমাজ ভেঙে যায়। বিচার বহির্ভূত হত্যা সমাজে চলতে থাকলে মানুষ আইন হাতে তুলে নেয়।"
"আমার দৃষ্টিতে বিনা বিচারে যে কোনো হত্যাকাণ্ডই জঘন্য অপরাধ। ছয় ছাত্র সম্পর্কে বলা হচ্ছে, তারা ডাকাত নয়। তাহলে কি ডাকাত হলে তাদের পিটিয়ে হত্যা করা যায়?"
সভায় সমিতির সম্পাদক ব্যরিস্টার মো. বদরুদ্দোজা বাদল উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এএল/২১২৮ ঘ.
bdnews24