সাভার, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তিন দফা দাবিতে সাভারে ঢাকা রপ্তানি প্রক্রিয়াকরণ অঞ্চলে (ডিইপিজেড) একটি পোশাক কারখানায় শ্রমিকরা বিক্ষোভ করেছে।
সোমবার সকালে প্রতিষ্ঠানে শ্রমিকরা কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে বলে পুলিশ জানায়।
আশুলিয়া থানার ওসি আব্দুর রশিদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গ্রামীণ নিটওয়ার লিমিটেড নামের ওই কারখানার ভিতরে প্রায় তিন হাজার শ্রমিক তিন দফা দাবিতে সকাল ১০টার দিকে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে।
ওসি জানান, কারখানায় বিপুল সংখ্যক পুলিশ ও শিল্প পুলিশ মোতায়েন রয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনে যেতে চাইলে বেজপার নিরাপত্তা রক্ষীদের বাধার মুখে সংবাদ কর্মীরা ডিইপিজেড-এর ভিতরে প্রবেশ করতে পারেনি।
প্রত্যক্ষদর্শীরা জানান, শ্রমিকরা যে তিনটি দাবিতে বিক্ষোভ করছে তার মধ্যে রয়েছে- যাতায়াত ভাড়া ২০০ টাকার স্থলে ৫০০ টাকা, দুপুরের খাবার বাবদ ৬০০ টাকার স্থলে এক হাজার টাকা এবং হাজিরা বোনাস ২০০ টাকার পরিবর্তে ৫০০ টাকা করা।
শিল্প পুলিশ-১ আশুলিয়া জোনের উপ-পরিচালক মোহাম্মদ ফয়েজুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শ্রমিকদের দাবির বিষয় নিয়ে কারখানার ভিতরে শিল্প পুলিশ, বেপজা কর্তৃপক্ষ ও থানার কর্মকর্তারা শ্রমিকদের সঙ্গে আলোচনা করছে।
তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/কেএমএস/১৭৩৮ ঘ.
bdnews24