ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে পিটিয়ে ছয় ছাত্রকে হত্যার ঘটনাটি সরকারের প্রতি জনগণের আস্থাহীনতারই একটি নজির বলে দাবি করেছেন বিএনপি নেতা খন্দকার মোশাররফ হোসেন।
মঙ্গলবার এক মানববন্ধন কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির এ সদস্য আমিনবাজারের ঘটনায় সরকারের ব্যর্থতারও সমালোচনা করেন।
মোশাররফ বলেন, "দেশের সর্বত্র অস্থিরতা। দলীয়করণের ফলে বিচার বিভাগ, পুলিশ বাহিনীর ওপর মানুষ আস্থা হারিয়ে ফেলেছে। আমিনবাজারের ঘটনা প্রমাণ করে সরকারের কোনো সংস্থার প্রতি মানুষের আস্থা নেই।"
সোমবার ভোররাতে সাভারের আমিনবাজারের বড়দেশী এলাকায় ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় জন কলেজছাত্র নিহত হয়।
"আমিন বাজারে ছয় ছাত্রকে প্রাণ দিতে হয়েছে। দোষী কিংবা নির্দোষ, তা পরের বিষয়। কারো অধিকার নেই, এভাবে আইন নিজের হাতে তুলে নিয়ে মানুষ হত্যা করা", বলেন মোশাররফ।
জাতীয় প্রেসক্লাবের সামনে সম্মিলিত পেশাজীবী পরিষদের ডাকে তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, তত্ত্বাবধায়ক সরকার পদ্ধতি বাতিলের প্রতিবাদে কর্মসূচিতে অংশ নেন মোশাররফ।
খালেদা জিয়ার নেতৃত্বে সরকাবিরোধী আন্দোলনে শরিক হতে পেশাজীবীদের প্রতি আহ্বান জানান তিনি।
কর্মসূচিতে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সদরুল আমিন, অধ্যাপক এম এ আজিজ, অধ্যাপক তাজমেরী এস ইসলাম, শিক্ষক-কর্মচারী ঐক্যজোটের চেয়ারম্যান সেলিম ভূঁইয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার, চিকিৎসক কাজী মাজহারুল ইসলাম দোলন, প্রকৌশলী মুহিদ রুমী, কৃষিবিদ হাসান জাফির তুহিন প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএম/এমআই/১৭২৫ ঘ.
bdnews24