বাগেরহাট, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবন থেকে শিকার করে আনা হরিণের চারটি মাথা ও ৬০ কেজি মাংসসহ তিন শিকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার ভোর সাড়ে ৪টার দিকে রামপাল উপজেলার সদর ইউনিয়নের দারোগা বাড়ির খালে একটি ট্রলার থেকে তাদের গ্রেপ্তার করা হয় বলে পুলিশ জানিয়েছে।
গ্রেপ্তারকৃতরা হলেন- রামপালের বেলাই গ্রামের ফরিদ গাজী (২৫), মো. সাইফুল গাজী (২৪) এবং পিপুলবুনিয়া গ্রামের মো. নাসিরউদ্দিন শেখ (৪৮)।
রামপাল থানার সহকারী উপ-পরিদর্শক আব্দুল করিম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিকারীরা সুন্দরবন থেকে অবৈধভাবে শিকার করে খাল পথে খুলনা-মংলা সড়কে উঠতে যাচ্ছিলো। খবর পেয়ে পুলিশ অভিযান চালায়। ট্রলারে আরো তিন-চার জন থাকলেও তারা পালিয়ে যায়।
এ ঘটনায় পুলিশ কর্মকর্তা করিম বাদি হয়ে বন্যপ্রাণী সংরক্ষণ আইনে একটি মামলা করেছেন।
গ্রেপ্তার তিন জন পুলিশকে জানিয়েছে, তিন দিন আগে তারা হরিণ শিকার করতে সুন্দরবনে যায়। তারা দড়ির ফাঁদ দিয়ে চারটি হরিণ শিকার করে সেগুলো জবাই করে বড় বড় টুকরো করে বরফ দিয়ে পলিথিন পেঁচিয়ে সংরক্ষণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/এমআই/১২৪০ ঘ.
bdnews24