২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আমিনবাজারে গণপিটুনির তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

আমিনবাজারে গণপিটুনির ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আইন হাতে তুলে না নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Jul 2011, 06:04 AM

Updated : 24 Aug 2022, 03:35 PM

ঢাকা, জুলাই ১৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আমিনবাজারে গণপিটুনির ঘটনার তদন্ত হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। আইন হাতে তুলে না নিতে সাধারণ মানুষের প্রতি আহ্বানও জানিয়েছেন তিনি। রাজধানীর উপকণ্ঠে আমিনবাজারে সোমবার ভোররাতে ডাকাত সন্দেহে গণপিটুনিতে ছয় ছাত্র নিহত হয়। মঙ্গলবার হোটেল রূপসী বাংলায় বাংলাদেশ পুলিশ আয়োজিত 'টেকসই সংস্কার : আন্তর্জাতিক অভিজ্ঞতার আলোকে' শীর্ষক সেমিনারের উদ্বোধনী অনুষ্ঠানে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে মন্ত্রী বলেন, "সরকার চায় না, জনগণ আইন নিজের হাতে তুলে নিক।" "আমিনবাজারে ঘটনা তদন্ত করে দেখা হবে", বলেন তিনি। পুলিশের মহাপরিদর্শক হাসান মাহমুদ খন্দকার বলেন, "নিহতদের পরিবার এবং এলাকাবাসীর (আমিনবাজার) বক্তব্যের সত্যতা উদ্ঘাটনে ঘটনাটির তদন্ত করা হবে।" আমিনবাজারের ঘটনায় মামলা হয়েছে দুটি। পাঁচ-ছয়শ জনকে আসামি করে একটি হত্যামামলা করেছে পুলিশ। অন্যদিকে ডাকাতির অভিযোগ এনে নিহত ছয় ছাত্রসহ ১৫/২০ জনকে আসামি করে মামলা করেছেন স্থানীয় বালু ব্যবসায়ী আব্দুল মালেক। আমিনবাজারকে অপরাধপ্রবণ এলাকা হিসেবে চিহ্নিত করে ওই এলাকায় নজরদারি বাড়ানো হবে বলেও জানান পুলিশপ্রধান। তিনি একইসঙ্গে দাবি করেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। আমিনবাজারের ঘটনায় নিহতদের স্থানীয়রা ডাকাত সন্দেহ করলেও ছাত্রদের পরিবার বলছে, তারা কোনো অপরাধে জড়িত ছিলো না। নিহত ছাত্রদের সবাই মিরপুর এলাকার বাসিন্দা। ঘটনার পর সোমবার মিরপুরের দারুস সালাম এলাকার কয়েক হাজার লোক সড়কে অবরোধ করে। পরে স্থানীয় সংসদ সদস্য আসলামুল হক ও ঢাকা মহানগর পুলিশের মিরপুর অঞ্চলের উপকমিশনার ইমতিয়াজ আহমেদ ঘটনাস্থলে গিয়ে ওই ঘটনা তদন্তের আশ্বাস দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/আরআরডি/এমআই/১২৪৪ ঘ.