২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধে ভাঙন

সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের পুরাতন জেলখানার কাছে হঠাৎ ভাঙন শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Jul 2011, 07:23 PM

Updated : 24 Aug 2022, 03:35 PM

সিরাজগঞ্জ, জুলাই ১৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধের হার্ড পয়েন্টের পুরাতন জেলখানার কাছে হঠাৎ ভাঙন শুরু হয়েছে। সোমবার রাত ১১টার সময় শুরু হয়ে সাড়ে ১২টার মধ্যে বাঁধের অন্তত ৫০ মিটার নদীগর্ভে চলে গেছে। সেই সঙ্গে বাঁধের উপরিভাগের পাকা সড়কও ধসে গেছে। এতে জেলা শহর হুমকির মুখে পড়েছে। শহরে মানুষের মধ্যে আতঙ্ক দেখা দিয়েছে। ঘটনার পরপরই পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) লোকজন ধস ঠেকানোর চেষ্টা করলে স্থানীয় কয়েকশ' জনতার প্রতিরোধের মুখে তারা ঘটনাস্থল ত্যাগ করে। তবে স্থানীয়রা পানি উন্নয়ন বোর্ডের ব্লক ফেলে ধস ঠেকানোর চেষ্টা করছে। জনতার অভিযোগ পাউবো'র অবহেলার কারণে এই ভাঙন শুরু হয়েছে। সময়মতো ব্যবস্থা নিলে এই অবস্থা হতো না। সংবাদ পেয়ে জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপারিনটেনডেন্ট মোশাররফ হোসেনসহ বিপুল সংখ্যক র‌্যাব, পুলিশ ও সেনা সদস্য ঘটনাস্থলে অবস্থান নেয়। রাত সাড়ে ১২টায় জেলা প্রশাসক আমিনুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ভাঙন স্থানে জিউ ব্যাগ নিক্ষেপের প্রস্তুতি চলছে। সিরজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের বিশেষায়িত শাখার নির্বাহী প্রকৌশলী আব্দুল মালেক বলেন, তারা রাত ১২টায় ভাঙন স্থলে আসেন। কিন্তু পানি উন্নয়ন বোর্ডের কর্মীরা কাজ শুরু করলে স্থানীয় জনতা পাউবোর সহকারী প্রকৌশলী শাহ আলম ও বজলুর রহমানকে মারধর করলে তারা চলে যান। পরে হার্ড পয়েন্টের পূর্বদিকে তদারকি কাজে নিয়োজিত সেনাবাহিনীর সহায়তায় আবার আসেন। ২ দশমিক ৭ কিলোমিটারের এই বাঁধ নির্মাণ হয় ২০০৩ সালে। এর আগে ২০০৯ সালে ১০ ও ১৭ জুলাই এবং ২০১০ সালে ১৯ জুলাই এই বাঁধে ভাঙন হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০১১৪ ঘ.