গোপালগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গোপালগঞ্জের কোটালীপাড়ায় একটি দল ছুট হনুমান ১৫ দিন ধরে গাছে গাছে ঘুরছে।
বিভিন্ন বয়সের উৎসুক শত শত মানুষ এ হনুমানের পিছু নিয়েছে। ফলে ভয়ে হনুমানটির কাতর অবস্থা। সে সবসময় গাছের মগডালে আশ্রয় নিচ্ছে।
শনিবার সকালে ছবি তোলার চেষ্টা করা হলে হনুমানটি গাছের মগডালে পাতার আড়ালে লুকায়। অনেক চেষ্টা করেও ছবি তোলা যায়নি।
স্থানীয়রা জানিয়েছেন, ১৫ দিন আগে কলা বোঝাই গাড়িতে করে হনুমানটি কোটালীপাড়ায় চলে আসে। তারপর থেকে কাঠিগ্রাম, গোপালপুর, কাকডাঙ্গা গ্রামের গাছে গাছে ঘুরছে। পাতা ও ফল খেয়ে থাকছে।
কোটালীপাড়ার প্রাণিসম্পদ কর্মকর্তা এসএম আউয়াল হক বলেন, হনুমানের বিচরন ক্ষেত্র যশোরের মনিরামপুর থেকেই সম্ভবত এটি এখানে এসেছে। দল ছেড়ে এসে হনুমানটি বেহাল অবস্থায় আছে। এটিকে ধরে যশোরে তার দলে ফিরিয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১৮৩৭ ঘ.
bdnews24