চাঁপাইনবাবগঞ্জ, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চাঁপাইনবাবগঞ্জের রহনপুর রেলওয়ে বন্দর দিয়ে ২৩'শ ৮৯ মেট্রিক টন ডিএপি সার নিয়ে দুটি ট্রেন ভারতের সিংগাবাদ রেলরুট হয়ে নেপাল গেছে।
শনিবার সকাল ৮টায় ১৮টি ওয়াগনে ৯'শ ৯৫ দশমিক ৫ মেট্রিক টন ও বিকেল ৩টায় ২৪টি ওয়াগনে ১৩'শ ৯৩ দশমিক ৫ মেট্রিক টন সার নিয়ে দু'টি মালট্রেন নেপালের উদ্যেশে রহনপুন স্টেশন ছেড়ে যায়।
রহনপুর রেলওয়ে স্টেশন মাস্টার মো. শহিদুল্লাহ জানান, নেপালের এগ্রিকালচার ইমপোর্ট কর্পোরেশন লিমিটেড মরক্কো থেকে এ সার আমদানি করে।
জাহাজে করে প্রথমে চট্রগ্রাম বন্দরে আসার পরে তা কার্গোতে করে যশোরের নওয়াপাড়া রেল স্টেশনে আসে। সেখানে ভারতের মালট্রেনের ওয়াগনে তা ভর্তি করা হয়।
পরে বাংলাদেশের দু'টি ইঞ্জিন বুধবার রাতে ভারতীয় ওয়াগনের দুটি মালট্রেন নিয়ে চাঁপাইনবাবগঞ্জের আমনুরা রেলওয়ে স্টেশনে আসে।
বাণিজ্য মন্ত্রণালয়, জাতীয় রাজস্ব বোর্ড ও বাংলাদেশ রেলওয়ের অনুমোদনের পর তা রহনপুর রেল স্টেশন দিয়ে ভারতের সিংগাবাদ স্টেশন হয়ে নেপালের বীরগঞ্জ স্টেশনের উদ্দেশ্যে যায়।
মোট ১ লাখ মেট্রিক টন সার নেপালে যাওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএম/কেএমএস/১৭৪৯ ঘ.
bdnews24