২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতি জেলায় ফরেনসিক ল্যাব হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

অপরাধের আলামত দ্রুত সনাক্ত করতে দেশের প্রতিটি জেলায় ফরেনসিক ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 Jul 2011, 07:43 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

চট্টগ্রাম, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অপরাধের আলামত দ্রুত সনাক্ত করতে দেশের প্রতিটি জেলায় ফরেনসিক ল্যাব স্থাপনের পরিকল্পনার কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন। শনিবার চট্টগ্রামে অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) ফরেনসিক ল্যাবরেটরি উদ্বোধন করে মন্ত্রী বলেন, এ ধরনের ল্যাব থাকলে বিভিন্ন অপরাধ, হত্যাকাণ্ড ও মাদকদ্রব্যের আলামত দ্রুত সনাক্ত করা যায়। ফলে অপরাধীদের ত্বরিত ধরা যাবে। "দায়িত্ব নেওয়ার পর থেকেই আমরা চেষ্টা করছি দেশে অপরাধ কী করে কমানো যায়। এ লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনী কাজ করে যাচ্ছে," যোগ করেন তিনি। অনুষ্ঠানে জানানো হয়, জাপান ইন্টারন্যাশনাল কো-অপারেশন এজেন্সি'র (জাইকা) অর্থায়নে ২০ কোটি টাকা ব্যয়ে ল্যাবরেটরিটি নির্মাণ করা হয়েছে। শনিবার আনুষ্ঠানিক উদ্বোধন হলেও গত বছরের ডিসেম্বর থেকে এ ল্যাবরেটরিতে কাজ শুরু হয়। এ পরীক্ষাগারে রাসায়নিক, ব্যালিস্টিকস, হস্তলিপি, অঙ্গুলাঙ্ক (ফিঙ্গারপ্রিন্ট), অনু বিশ্লেষণ, পদচিহ্ন ও জালনোট সনাক্ত করার ব্যবস্থা রয়েছে। এর মাধ্যমে টক্সিকোলজি, সেরোলজি, সেক্সুয়াল, এসিড টেস্টিং ও নারকোটিক্স সংক্রান্ত পরীক্ষা হয়। এছাড়া দ্রুত ঘটনাস্থলে উপস্থিত হয়ে আলামত সংগ্রহের জন্য রয়েছে চারটি ক্রাইম সিন ভেহিক্যাল। অনুষ্ঠানে জানানো হয়, গত সাত মাসে এ পরীক্ষাগারে মোট ১ হাজার ৮৪৮টি বিভিন্ন ধরনের আলামত পরীক্ষা করা হয়েছে। চট্টগ্রামে একটি ডিএনএ ল্যাব প্রতিষ্ঠার দাবি জানান সিআইডি চট্টগ্রাম অঞ্চলের স্পেশাল সুপারিনডেন্ট (এসএস) মো. মুসলিম। তিনি বলেন, বৈজ্ঞানিক তদন্তের (সায়েন্টিফিক ইনভেশটিগেশন) সুযোগ থাকলে সিআইডি মানুষের আস্থা অর্জন ও অপরাধ সনাক্ত করতে আরো সফল হবে। এ লক্ষ্যে একটি ডিএনএ ল্যাব প্রতিষ্ঠা অত্যন্ত জরুরি। শনিবার সকাল সাড়ে ১০টার দিকে নগরীর দামপাড়া পুলিশ লাইনে স্বরাষ্ট্রমন্ত্রী ল্যাবরেটরিটি উদ্বোধন করেন। এর আগে তিনি ফরেনসিক ল্যাবরেটরির বিভিন্ন কক্ষ ঘুরে দেখেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুলিশের আইজি (ইন্সপেক্টর জেনারেল) হাসান মাহমুদ খন্দকার, অতিরিক্ত আইজিপি মোখলেছুর রহমান ও সংসদ সদস্য চেমন আরা তৈয়ব, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) কমিশনার আবুল কাশেম, চট্টগ্রাম জেলা পুলিশের ডিআইজি নওশের আলী, সিএমপি'র অতিরিক্ত কমিশনার শফিকুল ইসলাম। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরআরডি/আরএ/১৩৩৫ ঘ.