ঢাকা, জুলাই ১৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পঞ্চম আদমশুমারি অনুযায়ী দেশের জনসংখ্যা ১৪ কোটি ২৩ লাখ ১৯ হাজার। এর মধ্যে ৭ কোটি ১২ লাখ ৫৫ হাজার পুরুষ এবং ৭ কোটি ১০ লাখ ৬৪ হাজার নারী। জনসংখ্যা বৃদ্ধির হার ১ দশমিক ৩৪ শতাংশ। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গকিলোমিটারে ৯৬৪ জন।
শনিবার ঢাকায় এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী একে খন্দকার আদমশুমারির প্রাথমিক ফল প্রকাশ করেন। গত মার্চ মাসে পঞ্চম আদশশুমারি হয়।
দেশকে ১৩০টি শুমারি জেলায় ভাগ করে জনগণনা করা হয়। এক জন করে শুমারি সমন্বয়কারী প্রত্যেক শুমারি জেলার কাজ তদারক করেন। এ কাজে যুক্ত ছিলেন প্রায় চার লাখ ব্যক্তি। এতে ব্যয় হয়েছে আড়াইশ কোটি টাকা। তবে অভিযোগ রয়েছে, অনেক মানুষই এ শুমারি থেকে বাদ পড়েছে।
দেশের প্রকৃত জনসংখ্যা নিয়ে বিতর্কের মধ্যেই সরকার আদম শুমারি করলো। গত বছরের অক্টোবরে জাতিসংঘ জনসংখ্যা তহবিল- ইউএনএফপিএ তাদের হিসাবে বাংলাদেশের জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লাখ দেখালে তার সমালোচনায় মুখর হয় সরকার বিশেষ করে অর্থমন্ত্রী।
তখন ইউএনএফপিএ জনসংখ্যা ১৬ কোটি ৪৪ লাখ দেখালেও ২০০১ এর আদমশুমারির তথ্য হালনাগাদ করে পরিবার পরিকল্পনা অধিদপ্তর জানায়, জনসংখ্যা ১৪ কোটি ৬৬ লাখ। পঞ্চম আদমশুমারিতে এ সংখ্যা আরো ৪৩ লাখ কম।
ইউএনএফপিএ তখন জনসংখ্যা বৃদ্ধির হার ১ ৪০ শতাংশ দেখিয়েছিলো, অন্যদিকে সরকারি হিসেবে তা ছিলো ১ দশমিক ২৯ শতাংশ। সরকারি হিসেবে জনসংখ্যা বৃদ্ধির হার বেড়েছে ০ দশমিক ০৫ শতাংশ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এমআই/১২০০ ঘ.
bdnews24