২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সরকারি জমি দখল করলেন 'আ. লীগ নেতা'

বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 06:52 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

বগুড়া, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি ও জেলা আওয়ামী লীগ সভাপতি মমতাজ উদ্দিনের বিরুদ্ধে সরকারি জমি দখলের অভিযোগ উঠেছে। শুক্রবার শহরের ঝাউতলায় বগুড়া চেম্বার সংলগ্ন এই জমিটি দখল করা হয়। এ ব্যাপারে জেলা প্রশাসক ইফতেখারুল ইসলাম খান বিডিনিউজ টোয়ন্টিফোর ডটকমকে বলেন, জায়গাটি কাউকে ইজারা দেওয়া হয়নি। বগুড়া চেম্বার ও তাজমা সিরামিক দু'পক্ষ থেকে জায়গাটি ইজারা নেওয়ার জন্য আবেদন করেছে। এখনো কোনো সিদ্ধান্ত হয়নি। বগুড়া চেম্বারের সহ-সভাপতি আখতারুজ্জামান ডিউক বলেন, "চেম্বারের পক্ষ থেকে জায়গাটি ইজারার জন্য আবেদন করা হয়েছে। এখনো লিজ না পেলেও পেয়ে যাব। তাই কাজ করছি।" জেলা আওয়ামী লীগ ও চেম্বার সভাপতি মমতাজ উদ্দিন বলেন, "আপনারা ঘটনাস্থলে এসে দেখে যান। এ ব্যাপারে কোনো কথা বলতে পারবো না।" এ ব্যাপারে আমজাদ হোসেন তাজমা বলেন, "গত ২৬ বছর ধরে নিয়মমতো সরকারকে টাকা দিচ্ছি। নতুন করে লিজ দিতে হলে আমাকেই দিতে হবে। "অর্পিত সম্পত্তি সরকার বিবেচনামতো বিক্রয় বা অন্য কোনোভাবে হস্তান্তর করতে পারবে। এ ক্ষেত্রে সম্পত্তির উত্তরাধিকারী বা ইজারা সূত্রে ভোগ দখলকারী অগ্রাধিকার পাবে।" কিন্তু ইজারা না দেওয়ায় গত ৪ জুলাই তিনি এই বিষয়ে বগুড়ার ১ম যুগ্ম জেলা জজ আদালতে একটি মামলা দায়ের করেছেন বলেও দাবি করেন। প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার সকাল ১০টার দিকে শহরের ঝাউতলায় বগুড়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি সংলগ্ন সোয়া শতাংশের এই জমিটির উপর একটি পরিত্যক্ত ভবন ভাঙা হয়। পরে চেম্বার সভাপতি মমতাজ উদ্দিনের নেতৃত্বে সহ-সভাপতি এনামুল হক দুলাল এবং মমতাজের শ্যালক শাহ আখতারুজ্জামান ডিউকের উপস্থিতিতে ভবনটি ভেঙে জায়গাটি ঘিরে দখল করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০৪৭ ঘ.