ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে যৌন নিপীড়নবিরোধী নীতিমালা বাস্তবায়নের দাবি জানিয়েছে সংহতি মঞ্চ নামের একটি সংগঠন।
যৌন নিপীড়নের অভিযোগে আটক ভিকারুননিসা নূন স্কুল অ্যাড কলেজের শিক্ষক পরিমল জয়ধরের শাস্তির দাবিতে শুক্রবার বিকালে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে আয়োজিত এক প্রতিবাদ সমাবেশে সংগঠনটির পক্ষ থেকে এ দাবি জানানো হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বাড়ি থেকে শ্রেণীকক্ষ, প্রিয়জন থেকে শিক্ষক- কারো কাছেই আর কোনো বয়সের নারী নিরাপদ নয়।
ভিকারুননিসার যে শিক্ষকদের বিরুদ্ধে 'অসদাচরণের' অভিযোগ উঠেছে তাদেরও বিচারের দাবি জানান তারা।
ভিকারুননিসা নূন স্কুলের বসুন্ধরা শাখার এক ছাত্রীর অভিভাবক গত ৫ জুলাই বাংলার শিক্ষক পরিমল জয়ধরের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনে মামলা করেন। এই ঘটনাকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে দেশের নামকরা এ শিক্ষা প্রতিষ্ঠান।
এরপর অভিভাবক ও শিক্ষার্থীরা পরিমলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে আন্দোলনে নামে। গত ৬ জুলাই পরিমলকে গ্রেপ্তার করা হয় এবং তিনি আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
পরিমলের বিরুদ্ধে ভিকারুননিসার শিক্ষার্থীদের আন্দোলনে সংহতি জানিয়ে বিভিন্ন সংগঠন ও সমাজের নানা শ্রেণী-পেশার মানুষের সমন্বয়ে গড়ে তোলা হয় এই সংহতি মঞ্চ।
সংহতি মঞ্চের সদস্য অধ্যাপক রেহনুমা আহমদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সমাজে নারীরা বিভিন্ন ধরনের নিপীড়ন ও সহিংসতা বয়ে চলছে। এসব বন্ধ করার জন্যই আমাদের আন্দোলন।"
কর্মক্ষেত্র ও শিক্ষাঙ্গনে নারী ও শিশুদের যৌন নিপীড়ন বন্ধে হাইকোর্ট ২০০৯ সালের ১৪ মে একটি নির্দেশনা দেয়। এতে শিক্ষা প্রতিষ্ঠান ও কর্মক্ষেত্রে অভিযোগ কেন্দ্র স্থাপন এবং জমা পড়া অভিযোগ তদন্তের জন্য কমিটি করার বিষয়ে সরকারকে নির্দেশ দেওয়া হয়।
সংহতি মঞ্চের আহ্বায়ক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক গীতিআরা নাসরিনের সভাপতিত্বে সমাবেশে অধ্যাপক সিরাজুল ইসলাম চৌধুরী, অধ্যাপক আনু মোহাম্মদ, সাংস্কৃতিক ব্যক্তিত্ব মামুনুর রশিদ, ইংরেজি দৈনিক নিউএজের সম্পাদক নুরুল কবীর, ফেরদৌসী প্রিয়ভাষিণী, নারী নেত্রী মোশরেফা মিশু, গণসংহতি আন্দোলনের আহ্বায়ক জুনায়েদ সাকী বক্তব্য রাখেন।
ভিকারুননিসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থীসহ বিভিন্ন নারী সংগঠন এবং সেচ্ছাসেবী সংগঠনের নেতাকর্মীরা এই সমাবেশে উপস্থিত ছিলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এএইচ/জেকে/২২৫৪ ঘ.
bdnews24