হবিগঞ্জ, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হবিগঞ্জ সদর উপজেলার অলিপুর রেল ক্রসিং ও হবিগঞ্জ-শায়েস্তাগঞ্জ সড়কে ভাদৈ এলাকায় দু'টি সড়ক দুর্ঘটনায় শুক্রবার দুইজন নিহত হয়েছেন। আহত হন একজন।
শায়েস্তাগঞ্জ হাইওয়ে থানার ওসি শেখ আলী ফরিদ জানান, সকাল ৭টায় ঢাকা-সিলেট মহাসড়কে অলিপুর রেল ক্রসিংয়ে বিকল হয়ে দাঁড়ানো ঢাকাগামী একটি ট্রাককে পিছন থেকে পাথর বোঝাই আরেকটি ট্রাক ধাক্কা দেয়।
এতে পাথর বোঝাই ট্রাকের চালক ও সহকারী আহত হন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নিলে চিকিৎসক বলেন, চালক স্বপন মিয়ার (৪০) মৃত্যু হয়েছে।
আহত সহকারী ফারুক মিয়াকে (২৬) হাসপাতালে ভর্তি করা হয়েছে। দু'জনেরই বাড়ি ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলার খয়েরতলা গ্রামে।
পুলিশ কর্মকর্তা আরো জানান, অপর এক দুর্ঘটনা ঘটে সকাল ৬টায় ভাদৈ এলাকায়। শায়েস্তাগঞ্জ থেকে হবিগঞ্জগামী একটি যাত্রীবাহী বাসের ধাক্কায় ছাবু মিয়া (৭০) নামে এক বৃদ্ধ আহত হন। হবিগঞ্জ সদর আধুনিক হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তার মৃত্যু হয়েছে বলে নিশ্চিত করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরআরডি/ডিডি/১৭৫৭ ঘ.
bdnews24