২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রাজধানীতে মা-মেয়ের লাশ উদ্ধার

রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 07:16 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

ঢাকা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর বাড্ডার একটি বাসা থেকে মা ও মেয়ের লাশ উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে পুলিশ ঘরের সিলিং ফ্যানের এর সঙ্গে ঝুলন্ত অবস্থায় গৃহবধু ও বিছানায় গলাকাটা অবস্থায় তার দেড় বছরের মেয়ের লাশ উদ্ধার করে। বাড্ডার নর্দ্দা এলাকার শহিদ হারেস সড়কের একটি বাসা থেকে লাশ দুটি উদ্ধার করা হয়। পারিবারিক বিরোধের জের ধরে সন্তানকে হত্যা করে গৃহবধু আত্মহত্যা করেছেন বলে পুলিশের ধারণা। গৃহবধুর নাম সারজিনা (৩০) এবং তার শিশু কন্যা সন্তানের নাম আজিফা। গুলশান বিভাগের উপ কমিশনার লূৎফুল কবীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ঘটনার সময় মা মেয়ে ছাড়া বাসায় কেউ ছিল না। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার পর যে কোন এক সময় এই ঘটনা ঘটে থাকতে পারে। তিনি জানান, সকালে বাসার বাইরে থেকে ডাকাডাকি করে কোন সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে দেখা যায় সারজিনা ফ্যানের সঙ্গে ঝুলছে। পরে দরজা ভেঙ্গে ভেতরে ঢুকে দেখা যায় আজিফা বিছানায় রক্তাক্ত অবস্থায় পড়ে আছে। পাশে বটি। তিনি জানান, প্রাথমিক তথ্যে জানা গেছে এই দম্পতি বিভিন্ন স্থানে টাকা ধার করে চলছিল। পাওনাদারদের টাকা দেওয়া না দেওয়া নিয়ে স্বামী স্ত্রীর মধ্যে কলহ চলছিল। ৩/৪ দিন ধরে স্বামী বাসায় আসছিল না। সারজিনা একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে চাকরি করতো বলে জানান পুলিশ কর্মকর্তা। বাড্ডা থানার উপপরিদর্শক (এসআই) আবু আজিজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে মোবাইল ফোনে সারজিনার সঙ্গে তার বাবার সর্বশেষ কথা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/কেএমএস/১৩০৯ ঘ.