২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দেবহাটায় ইছামতির বেড়িবাধে ভাঙন

সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদরে সীমান্ত নদী ইছামতির বেড়িবাধ ভেঙে গেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Jul 2011, 06:49 AM

Updated : 24 Aug 2022, 03:34 PM

সাতক্ষীরা, জুলাই ১৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাতক্ষীরার দেবহাটা উপজেলা সদরে সীমান্ত নদী ইছামতির বেড়িবাধ ভেঙে গেছে। বৃহস্পতিবার সন্ধ্যায় দেবহাটার সুশীলগাতীতে বেড়িবাধে এই ভাঙ্গনের ফলে ৪টি ইউনিয়নের ১৫টি গ্রাম প্লাবিত হওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। ভাঙনের পরপরই দেবহাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা ও পানি উন্নয়ন বোর্ড-১ এর নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমানের উপস্থিতিতে এলাকাবাসী স্বেচ্ছা শ্রমে রিংবাধ দিতে শুরু করেছে। বেড়িবাধে ভাঙনের খবর জেনে কালিগঞ্জ উপজেলায় বৃহস্পতিবার নির্ধারিত কর্মসূচি সংক্ষিপ্ত করে রাত ৯টার দিকে ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক। দেবহাটা উপজেলা চেয়ারম্যান গোলাম মোস্তফা জানান, ইছামতির সুশীলগাতী এলাকায় বৃহস্পতিবার সন্ধ্যা থেকে ব্যাপক ভাঙন শুরু হয়। মুহূর্তের মধ্যে অনেকখানি বাধ ধসে হু হু করে লোকালয়ে পানি ঢুকতে শুরু করে। দেবহাটা উপজেলা সদর, সখিপুর, পারুলিয়া, কুলিয়া ইউনিয়নের টাউনশ্রীপুর, চরশ্রীপুর, ভাঁতশালা, রতনেশ্বরপুর, বসন্তপুর ও সুশিলগাতীসহ ১৫টি গ্রাম এবং এলাকার শতাধিক চিংড়ি ঘের প্লাবিত হতে পারে বলে আশঙ্কা সৃষ্টি হয়েছে। তিনি অভিযোগ করে বলেন, বেশকিছু দিন আগে বাধে ফাটল দেখা দেয়ার বিষয়টি পানি উন্নয়ন বোর্ড কর্মকর্তাদের জানানো হয়েছে। কিন্তু তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেয়নি। সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড ১ এর নির্বাহী প্রকৌশলী মুজিবুর রহমান জানান, ভাঙনের পরপরই পানি আটকাতে স্থানীয় গ্রামবাসীদের সহায়তায় রিংবাধ দেয়ার চেষ্টা চলছে। স্থানীয় সংসদ সদস্য, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রী ডা. আ ফ ম রুহুল হক রাতে ঘটনাস্থল পরিদর্শন করেছেন। মন্ত্রী পানি উন্নয়ন বোর্ডকে দ্রুত বাধ মেরামতের নির্দেশ দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/১২৩৫ ঘ.