ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দৈনিক অবজারভারের সাবেক নির্বাহী সম্পাদক আবদুর রহিমের গুলশানের বাড়ি জাল কাগজের মাধ্যমে বিক্রির চেষ্টার অভিযোগে প্রতারণা মামলার রায় পিছিয়েছে।
রায় প্রস্তুত করা সম্ভব না হওয়ায় বৃহষ্পতিবার ঢাকার প্রথম অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম এ এইচ এম হাবিবুর রহমান ভূইয়া জিন্নাহ আগামি ১৯ জুলাই রায় দেওয়ার জন্য আবারো তারিখ রেখেছেন।
এদিকে এ মামলার তিন আসামি আদালতে হাজির না হওয়ায় তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন একই বিচারক।
আসামিরা হলেন- শাহজাহান মোল্লা, শাহজাহান সিরাজ এবং এনামুল হক।
মামলায় বলা হয়, ১৯৬৭ সালের ২২ জুলাই তৎকালীন ডিআইটি (বর্তমানে রাজধানী উন্নয়ন কতৃর্পক্ষ) আবদুর রহিমকে গুলশান ১ নম্বরের ২৬ নম্বর সড়কের ২০/এ নম্বর বাড়ির ১২ কাঠা প্লট বরাদ্দ দেয়।
তখন থেকে তিনি এখানে পরিবার পরিজন নিয়ে বসবাস করে আসছেন।
২০০৮ সালের ৫ মে আসামিরা জাল আম মোক্তারনামা বানিয়ে বাদি রহিমের ওই বাড়িটি রাজধানীর পল্টন এলাকার "মা-বাবা বিল্ডার্স"নামের একটি গৃহ নির্মাণ প্রতিষ্ঠানের কাছে আসামিরা ওই সম্পত্তি বিক্রির চেষ্টার সময় ধরা পড়ে।
রহিম এ ঘটনায় গুলশান থানায় ওই তিনজনকে আসামি করে মামলা করেন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আওয়ামী লীগের সাংসদ আবদুস সাত্তারের সাহায্য ও প্ররোচনায় তার আত্মীয় আসামিরা এ কাজ করেন।"
নথিপত্র সূত্রে জানা যায়, মামলায় বাদি পক্ষে ১১ জনের সাক্ষ্য নেওয়া হয়।
এর আগে কয়েকবার আসামিরা বাদিকে মামলা তুলে নিতে প্রাণনাশের হুমকি দেয় বলে জানান আবদুর রহিম। এ বিষয়ে তিনি থানায় সাধারণ ডাইরিও করেছেন।
তিনি বলেন, আসামি শাহজাহান মোল্লা ওয়েস্টএন্ড উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক, শাহজাহান সিরাজ সেনাবাহিনীর অবসর প্রাপ্ত সৈনিক এবং এনামুল হক হলেন তাদের ভাড়াটে সন্ত্রাসী।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/পিডি/১৯০৩ ঘ.
bdnews24