ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কম্পিউটার ব্যবহারের মাধ্যমে কাগজ ও কালির ব্যবহার কমিয়ে আনতে বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ, অধিদপ্তর-দপ্তর ও সংস্থাকে পরামর্শ দিয়েছে জনপ্রশাসন মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের এক স্মারকপত্রের মাধ্যমে এ নির্দেশনা দেওয়া হয়। মঙ্গলবারের তারিখে জারি করা এ নির্দেশনাটি বৃহস্পতিবার বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সংস্থায় বিতরণ করা হয়।
কম্পিউটার প্রযুক্তি ব্যবহারের পরও কাগজ ও কালির অপচয় হচ্ছে উল্লেখ করে নির্দেশনায় বলা হয়, প্রযুক্তির উন্নয়নের ধারাবাহিকতায় সনাতন প্রথার টাইপ-রাইটারের পরিবর্তে সব সরকারি দপ্তরে বর্তমানে কম্পিউটার প্রযুক্তি ব্যবহার করা হচ্ছে। তাই সীমিত সম্পদের সঠিক ও সর্বোচ্চ ব্যবহার করে অপচয় রোধ করতে হবে।
এজন্য খসড়া কপির জন্য প্রিন্ট না নিয়ে কম্পিউটার মনিটরে দেখা, ডুপ্লিকেটিং কাগজ ব্যবহার, কাগজের উভয় পৃষ্ঠায় প্রিন্ট নেওয়া এবং বেশি কপির জন্য সাইক্লোস্টাইল মেশিন ব্যবহার করতে সংশ্লিষ্টদের পরামর্শ দেওয়া হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৮৫৭ ঘ.
bdnews24