২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইতিহাদের যাত্রী হয়রানি তদন্তে ২ মন্ত্রণালয়কে নির্দেশ

ইতিহাদ এয়ারওয়েজের দুই যাত্রীকে হয়রানির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Jul 2011, 12:21 PM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ইতিহাদ এয়ারওয়েজের দুই যাত্রীকে হয়রানির অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। পররাষ্ট্র মন্ত্রণালয় ও বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষকে আলাদা কমিটির মাধ্যমে তদন্ত করে ৩০ দিনের মধ্যে আদালতে প্রতিবেদন দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি বিমান সংস্থাটির বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশরাফুল কবিরকে আগামী ২০ জুলাই সশরীরে আদালতে হাজির হয়ে ওই ঘটনার কারণ ব্যাখ্যা করতে বলা হয়। হয়রানির শিকার যাত্রী তানজিন বৃষ্টির রিট আবেদনের প্রেক্ষিতে বৃহস্পতিবার বিচারপতি এএইচএম শামসুদ্দিন চৌধুরী ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের বেঞ্চ এ আদেশ দেয়। সংযুক্ত আরব আমিরাতের রাষ্ট্রীয় বিমান সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। ২০০৩ সালের জুলাইয়ে এ এয়ারওয়েজ প্রতিষ্ঠিত হয়। ইতিহাদ বাণিজ্যিক ফ্লাইট পরিচালনা শুরু করে ওই বছরের নভেম্বরে। গত ২৮ জুন কানাডা ও বাংলাদেশের দ্বৈত নাগরিক তানজিন বৃষ্টি ও তার মা কানাডা যাওয়ার পথে ইহিহাসের কর্তকর্তাদের হাতে হয়রানির শিকার হন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা ও ক্ষতিপূরণ চেয়ে বুধবার হাইকোর্টে রিট করেন বৃষ্টি। রুলে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত বাংলাদেশ দূতাবাসের মাধ্যমে ঘটনাটি যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপনের নির্দেশ কেন দেওয়া হবে না, তা জানতে চাওয়া হয়েছে। ওই ঘটনায় ক্ষতিপূরণ প্রদানে কেন তাদের বিরুদ্ধে নির্দেশ দেওয়া হবে না, এই মর্মে আরো একটি রুল জারি করা হয়েছে। রিটে এক লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করা হয়। পররাষ্ট্র সচিব, বেসামরিক বিমান চলাচল সচিব, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান, বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা, ইতিহাদের আবুধাবি বিমানবন্দরের অপারেশনাল ম্যানেজার আলী আল এহসান, তাজ সুপারভাইজার আহমেদ আব্দুল ওয়াহহাব ও বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার আশরাফুল কবিরকে আগামী তিন সপ্তাহের মধ্যে উভয় রুলের জবাব দিতে বলা হয়েছে। আদালতে বৃষ্টির পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট মনজিল মোরসেদ এবং সরকার পক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল এ বি এম আলতাফ হোসেন। গত ৫ জুলাই নাজেহাল হওয়া যাত্রী তানজিন বৃষ্টি মনজিল মোরসেদের মাধ্যমে ইতিহাদের কাছে এক লাখ ডলার ক্ষতিপূরণ দাবি করে লিগ্যাল নোটিস দেন। অ্যাডভোকেট মনজিল মোরসেদ জানান, গত ২৮ জুন বৃষ্টি তার মাকে নিয়ে ইতিহাদের একটি ফ্লাইটে ঢাকা-দুবাই ও দুবাই-টরোন্টোর বার্ডিং পাস ইস্যু করেন। আবু ধাবি থেকে তারা টরেন্টোর উদ্দেশ্যে বিমানে ওঠার আনুষ্ঠানিকতা শেষ করতে গেলে ইতিহাদ এয়ারলাইন্সের কর্মকর্তারা তাদের বিমানে উঠতে দেয়নি। "এ সময় তাদের একটি কক্ষে আটকে রেখে অসৌজন্যমূলক আচরণ করে এয়ারলাইন্সের কর্মকর্তারা। প্রায় ১৪ ঘণ্টা পর তাদের বাংলাদেশে ফেরত আসতে বাধ্য করা হয়।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/পিডি/১৮১৮ ঘ