শেখ শাহরিয়ার জামান
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে বিনিয়োগের ক্ষেত্র অনুসন্ধানে আগামী অক্টোবরে ঢাকা আসছেন সৌদি প্রিন্স আল-ওয়ালিদ বিন তালাল।
সৌদি আরবে বাংলাদেশ দূতাবাসের কাউন্সিলর মোহাম্মদ আইয়ুব বুধবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "প্রিন্স ২০ জুলাই থেকে ১৭ অগাস্ট সৌদি আরবের বাইরে থাকবেন। তিনি ফিরলেই সফরের দিন তারিখ চূড়ান্ত করা হবে।"
সৌদি প্রিন্স বাংলাদেশের পর্যটন ও হোটেল ব্যবসায় বিনিয়োগ করতে আগ্রহী বলেও জানান তিনি।
আইয়ুব বলেন, "এই সফরে প্রিন্স বাংলাদেশের শীর্ষ নেতৃবৃন্দের সঙ্গেও সাক্ষাৎ করতে পারেন।"
পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, রিয়াদে বাংলাদেশ দূতাবাস থেকে যোগাযোগ করা হলে প্রিন্স ওয়ালিদের দপ্তর থেকে জানানো হয়, তিনি অক্টোবরে ঢাকায় আসতে আগ্রহী।
বিশ্বের অন্যতম শীর্ষ ধনী ওয়ালিদ এর আগে ২০০৫ সালে একবার ঢাকা আসেন। সে সময় ঢাকার পাঁচ তারা হোটেল সোনারগাঁও অথবা শেরাটন (বর্তমান রূপসী বাংলা) কিনে নেওয়ারও ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি।
পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "বাংলাদেশে সম্ভাব্য যেসব খাতে প্রিন্স ওয়ালিদ বিনিয়োগ করতে পারেন- দূতাবাসের কাছে সেগুলোর একটি তালিকা চেয়েছে তার দপ্তর।"
ঢাকা সফরে প্রিন্স কয়েকটি সংস্থাকে অনুদান দিতে পারেন বলেও ওই কর্মকর্তা জানান।
প্রায় দুই হাজার কোটি ডলারের সম্পদের মালিক আল-ওয়ালিদ বিন তালাল সিটিগ্র"প, ফোর সিজনস ও ফেয়ারমন্ট হোটেল ম্যানেজমেন্টেরেও অংশীদার।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/এএইচ/জেকে/১৯১৯ ঘ.
bdnews24