ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ভিকারুননিসা নূন স্কুল ও কলেজে অধ্যক্ষের পদে আরেক শিক্ষককে বরণ করেছে শিক্ষক-শিক্ষার্থীরা। পরিচালনা পর্ষদের সিদ্ধান্তেই তা হয়েছে বলে দাবি করা হলেও তার পাল্টা বক্তব্যও এসেছে। এ জটিলতার অবসান ঘটাতে হস্তক্ষেপ করেছে শিক্ষা মন্ত্রণালয়।
ধর্ষণের অভিযোগে রাজধানীর ঐতিহ্যবাহী এ বিদ্যালয়ের বসুন্ধরা ক্যাম্পাসের এক শিক্ষকের বিরুদ্ধে মামলা হওয়ার পর থেকে উত্তেজনা চলছিলো। তারই ধারাবাহিকতায় বুধবার অধ্যক্ষ নিয়ে এ জটিলতা তৈরি হয়।
অভিযোগ ওঠার পর শিক্ষক পরিমল জয়ধরকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছেন তিনি।
শিক্ষার্থী ও অভিভাবকদের অনেকের অভিযোগ, অধ্যক্ষ হোসনে আরা বেগম শিক্ষক পরিমলকে রক্ষার চেষ্টা চালিয়ে আসছিলেন। এ জন্য অধ্যক্ষের পদত্যাগও দাবি করে আসছিলেন তারা। পরিমলের বিরুদ্ধে যে মামলা হয়েছে, তাতে হোসনে আরাও আসামি।
বুধবার সকালে বেইলি রোডে ভিকারুননিসার প্রধান ক্যাম্পাসে শিক্ষক ও শিক্ষার্থীদের সমর্থনে অধ্যক্ষের চেয়ারে বসেন জ্যেষ্ঠ শিক্ষক আম্বিয়া খাতুন। হোসনে আরা যাননি বিদ্যালয়ে।
শিক্ষকরা সাংবাদিকদের বলেন, পরিচালনা পর্ষদের অনুমোদনেই নতুন অধ্যক্ষ হিসেবে আম্বিয়া খাতুন দায়িত্ব নিয়েছেন।
শিক্ষা প্রতিষ্ঠানটির শিক্ষক রোখসানা শামীম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই এ পরিবর্তনকে স্বাগত জানিয়েছে।"
কলেজে চার দিন ধরে কলেজে ক্লাস বন্ধ ছিলো জানিয়ে তিনি বলেন, "আজ থেকে আবার ক্লাস শুরু হলো।"
অধ্যক্ষের চেয়ারে বসার পর আম্বিয়াকে ফুল দিয়ে শুভেচ্ছা জানায় শিক্ষক ও শিক্ষার্থীরা। মিষ্টি খাওয়ার পর্বও চলে। শিক্ষার্থীদেরও উল্লাস করতে দেখা যায়।
হোসেনে আরার বিরুদ্ধে অভিযোগ তুলে ধরে রোখসানা বলেন, "তিনি (হোসনে আরা) অভিযুক্ত শিক্ষককে রক্ষার চেষ্টা চালিয়ে আসছিলেন। ছাত্রীর ওপর নিপীড়নের ঘটনাটি তাকে জানানো হলেও তিনি কোনো পদক্ষেপ নেননি। শিক্ষকরা ব্যবস্থা নেওয়ার দাবি জানালে তাতে উল্টো শিক্ষকদেরও শাসিয়েছিলেন তিনি।"
ঢাকায় চারটি ক্যাম্পাসে প্রায় ১৮ হাজার ছাত্রীর এ শিক্ষা প্রতিষ্ঠানে আম্বিয়া গত ৩৪ বছর ধরে শিক্ষকতা করে আসছেন বলে জানান তিনি।
পরিচালনা পর্ষদের সিদ্ধান্তে অধ্যক্ষ 'অপসারণ'র কথা রোখসানাসহ ক্যাম্পাসে উপস্থিত অন্য শিক্ষকরা বললেও এ দাবি প্রত্যাখ্যান করেছেন শিক্ষা প্রতিষ্ঠানটির পরিচালনা পর্ষদের ভারপ্রাপ্ত সভাপতি ডা. দিলীপ রায়।
১০ সদস্যের পরিচালনা পর্ষদের সভাপতি সংসদ সদস্য রাশেদ খান মেনন এখন দেশের বাইরে রয়েছেন।
দিলীপ রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "সকালে পরিচালনা পর্ষদের কয়েকজন সদস্য বৈঠকে একটি সিদ্ধান্ত নিয়েছেন। তবে তা পর্ষদের সিদ্ধান্ত নয়।"
নামি এ শিক্ষা প্রতিষ্ঠানের এ ঘটনা নজরে এসেছে শিক্ষা মন্ত্রণালয়েও। শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ সচিবালয়ে সাংবাদিকদের বলেন, ভিকারুননিসা নূন স্কুল ও কলেজের অধ্যক্ষ নিয়ে জটিলতার অবসান বুধবারই হবে।
অধ্যক্ষ পরিবর্তনের বিষয়ে তিনি বলেন, "এ বিষয়ে মন্ত্রণালয়কে কিছুই জানানো হয়নি। পরিচালনা পর্যদের সভাপতি স্থানীয় সংসদ সদস্য (মেনন) দেশে নেই। যাকে সভাপতির দায়িত্ব দেওয়া হয়েছে তিনিও অধ্যক্ষ অপসারণের বিষয়ে কিছু জানেন না। এখানে যে বিশৃঙ্খলার সৃষ্টি হয়েছে তা বোঝা যাচ্ছে।"
ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান, মন্ত্রণালয়ের যুগ্ম সচিবসহ (মাধ্যমিক) সংশ্লিষ্ট সাবাইকে বুধবারের মধ্যে এ অস্বাভাবিক পরিস্থিতি নিরসনের নির্দেশ দিয়েছেন মন্ত্রী।
ছাত্রীকে যৌন হয়রানির বিষয়টিকে 'জঘন্য' অ্যাখ্যায়িত করে তিনি বলেন, "অভিযুক্ত শিক্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি হওয়া উচিত। এ ঘটনায় আমরা উদ্বিগ্ন।"
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/আরএ/এমআই/১৬২৯ ঘ.
bdnews24