২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

মিরসরাই ট্রাজেডি: শোক পালন শিক্ষা প্রতিষ্ঠানে

চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক কর্মসূচি পালিত হচ্ছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 13 Jul 2011, 06:29 AM

Updated : 24 Aug 2022, 03:33 PM

ঢাকা, জুলাই ১৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের মিরসরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহতদের স্মরণে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে শোক কর্মসূচি পালিত হচ্ছে। নিহতদের আত্মার মাগফেরাত কামনায় বুধবার শিক্ষক-শিক্ষার্থীরা দোয়া, প্রার্থনা ও এক মিনিট নিরবতা পালন করছেন। ধারণ করছেন কালো ব্যাজ। স্কুল-কলেজগুলোতে তোলা হয়েছে কালো পতাকা। সোমবার চট্টগ্রামের মিরসরাইয়ে একটি ছোট ট্রাক রাস্তার পাশে ডোবায় পড়ে ৪৩ স্কুলছাত্রসহ ৪৪ জনের মৃত্যু হয়। মিরসরাই স্টেডিয়ামে স্কুল ফুটবল টুর্নামেন্টের খেলা দেখে বাড়ি ফিরছিলো তারা। মর্মান্তিক এ দুর্ঘটনায় সব শিক্ষা প্রতিষ্ঠানে বুধবার শোক পালনের নির্দেশনা দেয় শিক্ষা মন্ত্রণালয়। রাজধানীর হলিক্রস কলেজের অধ্যক্ষ শিখা গোমেজ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, নিহতদের আত্মার মাগফেরাত কামনায় সকাল সাড়ে ১০টায় বিভিন্ন ধর্মগ্রন্থ থেকে পাঠ করা হয়। শিক্ষক-শিক্ষার্থীরা কালো ব্যাজ ধারণ করে প্রার্থনায় অংশ নেন। এছাড়া নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করা হয়। তিনি বলেন, জাতীয় পতাকার পাশাপাশি কলেজে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের প্রভাতি শাখার সহকারী প্রধান শিক্ষক মো. আবু প্রধান জাফর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সকাল পৌনে ৭টায় শিক্ষক-শিক্ষার্থীরা এক মিনিট নিরবতা পালন করে। এরপর মিলাদ ও দোয়া কর্মসূচি অনুষ্ঠিত হয়। স্কুলে কালো পতাকা উত্তোলন করা হয়েছে। শিক্ষক-শিক্ষার্থীরা কালোব্যাজ ধারণ করেছেন। রাজধানীর নটরডেম কলেজ, গভর্নমেন্ট ল্যাবরেটরি স্কুল অ্যান্ড কলেজ, ঢাকা কমার্স কলেজ, বিএএফ শাহীন কলেজ, তেজগাঁও কলেজসহ বিভিন্ন প্রতিষ্ঠানেই শোক কর্মসূচি পালনের খবর পাওয়া গেছে। যে সব শিক্ষা প্রতিষ্ঠানে দিবা শাখায় কার্যক্রম চলে তারা বিকালে শোক কর্মসূচি পালন করবেন বলে জানিয়েছেন। ঢাকার বাইরে শিক্ষা প্রতিষ্ঠানগুলো শোক পালন করছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম-এর সিলেট প্রতিনিধি জানান, নগরীর ব্লু-বার্ড উচ্চ বিদ্যালয়, সিলেট সরকারি পাইলট উচ্চ বিদ্যালয়, সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয়, এইডেড হাই স্কুল, রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়, পুলিশলাইন উচ্চ বিদ্যালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে শোক পালন হয়েছে। রসময় মেমোরিয়াল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা অঞ্জলী প্রভা চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী শিক্ষক, শিক্ষার্থী ও কর্মচারীরা কালোব্যাজ ধারণ করছেন। এছাড়া নিহতদের আত্মার মাগফেরাত কামনা করে প্রার্থনা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসআই/এমআই/১২২০ ঘ.

এ সম্পর্কিত আরো খবর