২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সান্তাহারে আ'লীগ-জাপা সংঘর্ষ, আহত ৫

তুচ্ছ ঘটনা নিয়ে বগুড়ার সান্তাহারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 04:46 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

নওগাঁ/বগুড়া, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- তুচ্ছ ঘটনা নিয়ে বগুড়ার সান্তাহারে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি সমর্থকদের মধ্যে সংঘর্ষে অন্তত পাঁচজন আহত হয়েছেন। মঙ্গলবার সকাল থেকে রাত পর্যন্ত সান্তাহার শহরে এ পাল্টাপাল্টি ধাওয়া চলে। প্রতিপক্ষের মারধরে আব্দুর রাজ্জাক নামে স্থানীয় এক জাতীয় পার্টি (এরশাদ) নেতা গুরুতর আহত হয়েছেন। তাকে আদমদীঘি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। বাকিদের নাম তাৎক্ষণিকভাবে জানা যায়নি। আদমদিঘী থানার ওসি আমিনুল ইসলাম জানান, সকাল সাড়ে ১০টার দিকে সান্তাহার শহরে আদমদীঘি উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে একটি ভটভটির সঙ্গে ছাত্রলীগ কর্মী আবু হাসানের ধাক্কা লাগে। এনিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে ভটভটি চালক হারুনকে ছাত্রলীগ সমর্থকরা মারধর করে। এরপর হারুনের পক্ষ নিয়ে স্থানীয় ভ্যান চালকরা ছাত্রলীগ নেতা আবু হাসানকে মারধর করে। জাতীয় পার্টির স্থানীয় নেতা আব্দুর রাজ্জাক দু'পক্ষের মধ্যে সমঝোতা করার চেষ্টা করলে কয়েকজন যুবক তাকে মারধর ও ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক আহত করে। এর জের ধরে জাপা ও আওয়ামী লীগ সমর্থকরা সংঘর্ষে জড়িয়ে পড়েন। শহরের পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠায় গুরুত্বপূর্ণ পয়েন্টে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২২৪১ ঘ.