২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এসিড হামলার ভয়ে স্কুল যাওয়া বন্ধ

উত্ত্যক্তকারী যুবক এসিড হামলার হুমকি দেওয়ায় এক ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 03:19 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

বগুড়া, জুলাই (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- উত্ত্যক্তকারী যুবক এসিড হামলার হুমকি দেওয়ায় এক ছাত্রী স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। এ ঘটনা ঘটেছে বগুড়ার ধুনট উপজেলায়। ওই ছাত্রীর অভিভাবক মঙ্গলবার ধুনট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), থানার ওসি ও স্কুলের প্রধান শিক্ষক বরাবর অভিযোগ দিয়েছেন। অভিযোগে জানা যায়, ধুনটের গোসাইবাড়ী ইউনিয়নের একটি গ্রামের মেয়ে ও স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণীর মেধাবী ছাত্রীকে একই গ্রামের যুবক মাহমুদুল হক টিপু দির্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছিলো। এক পর্যায়ে টিপু গত ১৯ জুন দিবাগত রাতে মেয়ের বাড়িতে ঢুকে ঘরের দরজা ভাঙ্গার চেষ্টা চালায়। মেয়েটির চিৎকারে বাবা-মা ও পাড়া প্রতিবেশি এগিয়ে এলে টিপু দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। বিষয়টি ইউনিয়নের চেয়ারম্যান রাশেদুজ্জামান উজ্জল ও গন্যমান্য ব্যক্তিদের জানানো হয়। গত রোববার রাতে শালিস বৈঠকে চেয়ারম্যান উপস্থিত না হয়ে তার প্রতিনিধি হিসেবে তার চাচা গোসাইবাড়ী ডিগ্রি কলেজের সাবেক অধ্যক্ষ দৌলতুজ্জামানকে পাঠান। কিন্তু টিপু ও তার লোকজন উল্টো মেয়েটির পরিবারের উপর দোষ চাপায়। এই বৈঠক কোন সিদ্ধান্ত ছাড়াই শেষ হয়। মেয়েটির পরিবারের সদস্যরা জানান, পরদিন সোমবার চেয়ারম্যান রাশেদুজ্জামান ও তার চাচা দৌলতুজ্জামান এ ঘটনায় টিপুকে বড় ধরনের শাস্তি বিনা মিমাংসার প্রস্তাব দেন। কিন্তু মেয়ের পরিবার সে প্রস্তাব প্রত্যাখ্যান করে। এদিকে টিপু এসিড নিক্ষেপের হুমকি দেওয়ায় মেয়েটি সোমবার থেকে স্কুলে যাওয়া বন্ধ করে দিয়েছে। নিরুপায় হয়ে মেয়ের বাবা বিদ্যালয়ের প্রধান শিক্ষক, ইউএনও, ধুনট থানার ওসি এবং উপজেলা চেয়ারম্যানের কাছে বিচার চেয়ে অভিযোগ করেন। ধুনট থানার দায়িত্বরত কর্মকর্তা এস আই সেকেন্দার আলী অভিযোগ পাওয়ার কথা স্বীকার করেছেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানান, মেয়ের বাবা ঘটনাটি অভিযোগ আকারে দাখিল করেছে। বিষয়টি স্পর্শকাতর। এ বিষয়ে ব্যবস্থাপনা কমিটির জরুরী বৈঠক ডাকা হয়েছে। ওই গ্রামের কয়েকজন নাম প্রকাশ না করার শর্তে বলেছেন, উপযুক্ত বিচার না করে যারা টিপুর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা না নেওয়ার প্রস্তাব দিয়েছে তারা আসলে অন্যায়কে উৎসাহিত করছে। তাদেরকেও আইনের আওতায় নিয়ে আসা উচিত। চেয়ারম্যান রাশেদুজ্জামানের সাথে যোগাযোগের চেষ্টা করা হলে তার মোবাইল ফোন বন্ধ পাওয়া যায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কেএমএস/২১১২ ঘ.