২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঙাভাব ধরে রাখতে শেয়ার সরবরাহ বাড়ানোর পরামর্শ

দেশের প্রধান দুই পুঁজিবাজারের সাম্প্রতিক 'চাঙাভাবকে' ইতিবাচক বলে মনে করলেও বিশ্লেষকরা বলছেন, বাজারের এই 'স্থিতিশীলতা' ধরে রাখার জন্য 'দ্রুত' আরো শেয়ার সরবরাহ করা প্রয়োজন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 02:07 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের প্রধান দুই পুঁজিবাজারের সাম্প্রতিক 'চাঙাভাবকে' ইতিবাচক বলে মনে করলেও বিশ্লেষকরা বলছেন, বাজারের এই 'স্থিতিশীলতা' ধরে রাখার জন্য 'দ্রুত' আরো শেয়ার সরবরাহ করা প্রয়োজন। ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক টানা ছয় কার্যদিবসে ৩৯০ দশমিক ৬৫ পয়েন্ট বেড়ে মঙ্গলবার ৬ হাজার ৫১৪ পয়েন্টে দাঁড়িয়েছে। এই ছয় দিনে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক (সিএসসিএক্স) বেড়েছে ৭১২ দশমিক ১৪ পয়েন্ট; মঙ্গলবার দিনশেষে তা দাঁড়িয়েছে ১১ হাজার ৭৩৬ পয়েন্টে। পুঁজিবাজার বিশ্লেষক ও এইমস ফার্স্ট মিউচুয়াল ফান্ডের প্রধান নির্বাহী কর্মকর্তা ইয়োওয়ার সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "এখন পর্যন্ত বাজারের যে মুভমেন্ট তাকে ভালোই বলা যায়।" সূচক বৃদ্ধির বিষয়ে তিনি বলেন, "সূচক একটা মাপকাঠি। কিন্তু এর বাইরেও দেখার বিষয় হলো বড় ও ভালো প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে কি না। আমার মনে হচ্ছে বাজারে এখন সেটা হচ্ছে।" ইয়োওয়ার সাইদ বলেন, "এখন ব্যাংকের শেয়ারের দাম বাড়ছে, বড় বড় প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ছে। শেয়ার হাতবদল হওয়ার পরিমাণ (ভল্যুম) ও লেনদেনও বাড়ছে। তাছাড়া বাজারে নতুন বিনিয়োগও আসছে। এসব বিষয় ইতিবাচকই মনে হচ্ছে।" গত ৩০ জুন দেশের প্রধান পুঁজিবাজার ডিএসইতে ৯ কোটি ৫৮ লাখ ৪৯ হাজার শেয়ারের হাতবদল হয়। ওইদিন লেনদেনের পরিমাণ ছিলো ৯৫৪ কোটি টাকা। এর ৮ কার্যদিবসের মাথায় মঙ্গলবার হাতবদল হয়েছে ১ হাজার ৪১৮ কোটি টাকার ১৮ কোটি ২৮ লাখ ৮৮ হাজার শেয়ার। টানা ছয় দিন সূচক বাড়ার বিষয়ে ইয়োওয়ার সাইদ বলেন, "ডিসেম্বর ও জুনে অধিকাংশ প্রতিষ্ঠানের আর্থিক বছর শেষ হয়। এরপর তারা লভ্যাংশ ঘোষণা করে। তাই এ সময় বাজার একটু উর্দ্ধমুখী থাকে। তবে প্রতিদিন দাম বাড়াটা ভালো নয়।" এর ব্যাখা দিতে গিয়ে তিনি বলেন, "বাজারে একটা র‌্যালি হচ্ছে। একটু কারেকশন হলে ভালো।" পাশাপাশি অতিমূল্যায়িত প্রতিষ্ঠানের শেয়ারের দাম যেন না বাড়ে- সে বিষয়ে নিয়ন্ত্রক সংস্থার নজরদারি বাড়ানোর পরামর্শ দেন ইয়োওয়ার সাইদ। গত ডিসেম্বর-জানুয়ারিতে পুঁজিবাজারে ধসের মাধ্যমে শুরু হয় অস্থিরতা। নতুন অর্থবছর অর্থাৎ জুলাইয়ের শুরু থেকে বাজারে লেনদেন ও সূচক আবার বাড়তে শুরু করে। বাজার চাঙা রাখতে চলতি অর্থবছরের বাজেটে বেশ কিছু পদক্ষেপ নেওয়া হয়েছে সরকারের পক্ষ থেকে। পুঁজিবাজারে বিনিয়োগকারীদের ক্ষেত্রে করদাতা সনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করা হয়নি। তাদের মুনাফার ওপর করও আরোপ করা হয়নি। বন্ডের পাশাপাশি কালো টাকা সাদা করার সুযোগ দেওয়া হয়েছে পুঁজিবাজারেও। ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফাইনান্স বিভাগের অধ্যাপক ও ডিএসইএর সাবেক প্রধান নির্বাহী কর্মকর্তা সালাহউদ্দিন আহমেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "অনেক দিন পর বাজার কিছুটা স্থিতিশীল বলে মনে হচ্ছে। এটা ধরে রাখতে পারলে ভালো।" এই 'স্থিতিশীলতা' ধরে রাখার জন্য বাজারে শেয়ার সরবরাহ বাড়ানোর ওপর গুরুত্ব দিয়ে তিনি বলেন, "প্রতিশ্র"ত সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়তে হবে।" গত বছর বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে ছাড়ার উদ্যোগ নেওয়া হলেও এখন পর্যন্ত তা বাস্তবায়িত হয়নি। সর্বশেষ গত ১০ ফেব্র"য়ারি অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত জানান, আগামী সেপ্টেম্বরের মধ্যে ধাপে-ধাপে ২১টি সরকারি প্রতিষ্ঠানের শেয়ার বাজারে আসবে। এর মধ্যে ৫টি কোম্পানির শেয়ার আগে থেকেই বাজারে থাকলেও তাদের আরো শেয়ার ছাড়ার কথা রয়েছে। অবশ্য বাজারের অস্থিরতার কারণে মুহিতের ওই ঘোষণার পরপরই 'ধাপে ধাপে' শেয়ার ছাড়ার সিদ্ধান্তটি স্থগিত রাখা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/জেকে/২০০৩ ঘ.