বান্দরবান, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সংবিধানের পঞ্চদশ সংশোধনীতে পাহাড়িদের আদিবাসী হিসেবে স্বীকৃতি না দেওয়ার প্রতিবাদে বান্দরবানে ইউপিডিএফ আয়োজিত মানববন্ধন করতে দেয়নি পুলিশ।
ফলে মঙ্গলবার দুপুরে তারা জেলা শহরের বালাঘাটা বাজারে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) কার্যালয়ে প্রতিবাদ সভা করে।
ইউপিডিএফ জেলা আহ্বায়ক ছোটন কান্তি তঞ্চঙ্গ্যার সভাপতিত্বে সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ইউপিডিএফ সমর্থিত পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি) জেলা আহ্বায়ক অন্তর মারমা, কেন্দ্রীয় অর্থ সম্পাদক প্রসিংথোয়াই মারমা প্রমুখ।
ছোটন কান্তি তঞ্চঙ্গ্যা জানিয়েছেন, সকাল সাড়ে ১০টায় বালাঘাটা বাজারে মানববন্ধন করতে গেলে পুলিশের বাধায় তা সম্ভব হয়নি। তাই দুুপুর ১২টার দিকে সংগঠনের কার্যালয়ে প্রতিবাদ সভা করেন।
তিনি বলেন, সংবিধানে আদিবাসীদের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি বা উপজাতি বলে আমাদের বাঙালি বানানোর চেষ্টা করা হচ্ছে।
এ ব্যাপারে বান্দরবান সদর থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, তাদের মানববন্ধন করার অনুমতি না থাকায় পুলিশ বাধা দিয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৯৪৮ ঘ.
bdnews24