২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

এডিপির ৭৯% ব্যয় করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

বিদায়ী ২০১০-১১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ পাওয়া মোট ১২৬ কোটি ৮৩ লাখ টাকার মধ্যে ১০০ কোটি সাত লাখ টাকাই ব্যয় করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 12 Jul 2011, 01:39 PM

Updated : 24 Aug 2022, 03:32 PM

ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিদায়ী ২০১০-১১ অর্থবছরে বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে (এডিপি) বরাদ্দ পাওয়া মোট ১২৬ কোটি ৮৩ লাখ টাকার মধ্যে ১০০ কোটি সাত লাখ টাকাই ব্যয় করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়। এ মন্ত্রণালয়ে এডিপি বাস্তবায়নের হার ৭৯ শতাংশ। তবে এডিপি বাস্তবায়নে সবচেয়ে বেশি অগ্রগতি হয়েছে রাজস্ব বাজেটের আওতায় অনুমোদিত প্রকল্পগুলোতে। এতে অগ্রগতির হার ৯৯ শতাংশ। রাজস্ব বাজেটের আওতায় অনুমোদিত ২২টি প্রকল্পের কাজের জন্য বরাদ্দ দেওয়া আট কোটি ৫১ লাখ ৩৮ হাজার টাকার মধ্যে আট কোটি ৪০ লাখ ৩৩ হাজার টাকাই ব্যয় করা সম্ভব হয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিদায়ী ২০১০-১১ অর্থবছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচির (এডিপি) ১০টি উন্নয়ন এবং ২২টি রাজস্ব খাতের কাজের অগ্রগতি পর্যালোচনা সভায় এ তথ্য দেওয়া হয়। মন্ত্রণালয়ের সভাকক্ষে মঙ্গলবার সচিব ইকবাল মাহমুদের সভাপতিত্বে এ পর্যালোচনা সভা হয়। সভায় চলতি ২০১১-১২ অর্থবছরে জন্য পাওয়া বরাদ্দ এবং অনুমোদনের প্রক্রিয়াধীন প্রকল্পগুলোর অগ্রগতি নিয়েও আলোচনা হয়। এতে জানানো হয়, এ অর্থবছরে এডিপিতে জনপ্রশাসন মন্ত্রণালয়ের প্রকল্পগুলোর অনুকূলে ১২৫ কোটি ২৭ লাখ টাকা বরাদ্দ করা হয়েছে। এ সময়ে ১১টি প্রকল্প অনুমোদনের প্রক্রিয়ায় রয়েছে। জনপ্রশাসন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব আবুবকর সিদ্দিক, বিসিএস প্রশাসন একাডেমির মহাপরিচালক ফজলে কবির, বিয়ামের মহাপরিচালক খন্দকার ইফতেখার হায়দার এবং লোক-প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের এমডিএস শফিউল আলম সভায় উপস্থিত ছিলেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/পিডি/১৯২৬ ঘ.