ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস বলেছেন, দেশে এভিয়ান ইনফ্লুয়েঞ্জা বা বার্ড ফ্লু'র বিস্তারের জন্য প্রাণিসম্পদ অধিদপ্তরের কর্মকর্তাদের পাশাপাশি খামারীদেরও গাফিলতি রয়েছে।
বার্ড ফ্লুর কারণে দেশের অনেক ক্ষতি হয়েছে। জাতির বৃহত্তর স্বার্থে ভবিষ্যতে এ ধরণের ক্ষতি রোধে সকলকে একযোগে কাজ করতে হবে। ভ্যাকসিন বা গণটিকা দিয়ে এবং জৈব নিরাপত্তা নিশ্চিত করার মাধ্যমে বার্ড ফ্লু রোধ করা সম্ভব।
বার্ড ফ্লুতে ক্ষতিগ্রস্ত খামারীদের ক্ষতিপূরণ প্রদান উপলক্ষে মঙ্গলবার ঢাকায় বাংলাদেশ কৃষি গবেষণা কাউন্সিল (বার্ক) মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে মন্ত্রী একথা বলেন।
প্রাণিসম্পদ অধিদপ্তর আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকা, গাজীপুর ও নারায়ণগঞ্জের ১৮ জন হাঁস-মুরগির খামারীকে ক্ষতিপূরণ দেওয়া হয়।
লতিফ বিশ্বাস বলেন, গণটিকা কার্যক্রম এই মুহূর্তে ওইভাবে পরিচালনা করা সম্ভব নয়। তাই জৈব নিরাপত্তা নিশ্চিত করার দিকেই আমাদের মনোযোগী হতে হবে। এজন্য খামারী ও কর্মকর্তা সকলকেই দায়িত্ব নিয়ে কাজ করতে হবে।
তিনি বলেন, মৎস্য ও প্রাণিসম্পদ খাতের সমস্যাগুলো দূর করতে নতুন করে মৎস্য ও পশুখাদ্য আইন প্রণয়ন করা হয়েছে। এ আইনকে কার্যকর করতে বিধিমালা তৈরীর কাজ চলছে। এ আইন কার্যকর হলে দেশে ভেজাল খাদ্যসহ ঝুঁকিপূর্ণ খাদ্য রোধ করা যাবে। এতে দেশের মানুষের স্বাস্থ্য সুরক্ষা সম্ভব হবে।
মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের দু'টি অধিদপ্তরের শূণ্য পদ পূরণ এবং পদোন্নতির দাবি প্রসঙ্গে তিনি বলেন, বর্তমান সরকার এ খাতের ১৩ বছরের জঞ্জাল দূর করেছে। ভবিষ্যতেও এ জন্য সরকার কাজ করবে। এজন্য দু'টি অধিদপ্তরেই নতুন জনবল কাঠামো তৈরী করা হয়েছে। সরকারি অনুমোদন পেলেই এসব পদে নিয়োগ দেওয়া শুরু হবে।
প্রাণিসম্পদ অধিদপ্তরের মহাপরিচালক আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন মন্ত্রণালয়ের সচিব উজ্জ্বল বিকাশ দত্ত, যুগ্ম-সচিব মোশাররেফ হোসেন, আওয়ামী লীগ নেতা আওলাদ হোসেন, প্রাণিসম্পদ অধিদপ্তরের পরিচালক মোসাদ্দেক হোসেন, বার্ড ফ্লু নিয়ন্ত্রণ প্রকল্পের প্রকল্প পরিচালক এসএম নজরুল ইসলাম ও দোহারের ক্ষতিগ্রস্ত খামারী এমএ রহিম।
মন্ত্রী এসব ক্ষতিগ্রস্ত খামারীর হাতে দেড় লাখ থেকে ২৫ লাখ টাকা পর্যন্ত ক্ষতিপূরণের চেক বিতরণ করেন। ১৮ জন খামারীকে মোট এক কোটি ২৫ লাখ ৮৯ হাজার টাকার চেক দেওয়া হয়।
গত অর্থবছরে (২০১০-১১) দেশের বিভিন্ন জেলার ৪৩ জন খামারীর মধ্যে তিন কোটি চার লাখ টাকা ক্ষতিপূরণ দেওয়া হয়। এ ১৮ জনও ওই ক্ষতিগ্রস্ত তালিকা থেকে ক্ষতিপূরণ পেলেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/কেএমএস/১৭২৫ ঘ.
bdnews24