ঢাকা, জুলাই ১২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- 'ন্যায় বিচারের স্বার্থে' সংবিধানের প্রথম সংশোধনী বাতিল ও পঞ্চদশ সংশোধনীর এ সংক্রান্ত বিধান বাতিলের দাবি জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আদেশে আটক জামায়াত নেতাদের প্রধান আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাক।
মঙ্গলবার সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতি মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে ব্যরিস্টার রাজ্জাক এই দাবি জানান।
তিনি পাঁচ দফা দাবি তুলে ধরে বলেন, এসব দাবি পূরণ না করে বিচার করা হলে তা হবে অবিচারকে বৈধতা দেওয়ার শামিল।
তার অন্য দাবিগুলোর মধ্যে রয়েছে, ট্রাইব্যুনালের যে কোন অন্তর্বর্তীকালীন আদেশের বিপক্ষে আপিল করার মতো একটি ফোরাম সৃষ্টি, উভয়পক্ষকে বিদেশী আইনজীবী নিয়োগের সুযোগ দান, ট্রাইব্যুনালের সম্পূর্ণ কার্যবিবরণী রেকর্ড করা, আন্তর্জাতিক পর্যবেক্ষকদের বিচার পর্যবেক্ষণ করার সুযোগ দান।
তিনি বলেন, এসব কেবল আমাদের দাবি নয়। এটা আন্তর্জাতিক সম্প্রদায়ের দাবি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট তাজুল ইসলাম, ব্যারিস্টার মুন্সী আহসান কবির এবং তানভীর আহমেদ আল-আমীন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/কেএমএস/১৭০২ ঘ.
bdnews24