মাদারীপুর, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মাদারীপুরের শিবচর উপজেলায় ইয়াবা ট্যাবলেট বিক্রি ও কেনার দায়ে তিন ব্যক্তিকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিপুল চন্দ্র বিশ্বাস সোমবার বিকালে এ সাজা দেন।
দণ্ডিতরা হলেন বাচ্চু খলিফা (৩৫), নজরুল মোল্লা (৩৬), খোকন (৩৫)।
এরমধ্যে বাচ্চু খলিফার দুই বছর এবং অপর দুইজনের ছয়মাস করে কারাদণ্ড হয়।
শিবচর থানার ওসি মিজানুর রহমান বলেন, মাদারীপুর র্যাব-৮ এর একটি দল ক্রেতা সেজে সোমবার দুপুরে কালিবাড়ি রোডে ইয়াবা ব্যবসায়ী বাচ্চু খলিফার কাছে ইয়াবা কিনতে যান। এ সময় নজরুল মোল্লা ও খোকনও ওই দোকানে ইয়াবা কিনতে যান।
দোকানদার ও ওই দুই ক্রেতাকে আটক করে র্যাব ভ্রাম্যমাণ আদালতে হাজির করে।
নজরুল মোল্লা ও খোকনের কাছে দুইটি করে ইয়াবা ট্যাবলেট পাওয়া যায় বলে পুলিশ কর্মকর্তা জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.
bdnews24