জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ডাক্তারের প্রেসক্রিপশন ছাড়া ঘুমের ওষুধ বিক্রি না করায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ফটকে দোকান কর্মচারীকে মারধর করেছে এক ছাত্রলীগকর্মী।
সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের প্রান্তিক গেইট এলাকায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মওলানা ভাসানী হলের শিক্ষার্থী এবং জাবি শাখা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. আজগর আলী সমর্থিত কর্মী জাহাঙ্গীর আলম অর্ণব (বাংলা ৩৭তম ব্যাচ) ঘুমের ওষুধ কিনতে মুনমুন ফার্মেসিতে যান।
কিন্তু ওই দোকানের কর্মচারী সোহাগ প্রেসক্রিপশন ছাড়া ওষুধ দিতে অপারগতা প্রকাশ করলে অর্ণব তাকে মারধর করেন।
এর প্রতিবাদে তাৎক্ষণিকভাবে ওই এলাকার ১৯টি দোকান বন্ধ করে দেয় প্রান্তিক গেইট দোকান মালিক সমিতি।
দোকান মালিক সমিতি সভাপতি আনোয়ার হোসেন বলেন, "আমরা এ ঘটনার নিরপেক্ষ বিচার দাবি করছি।"
জাবি ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মো. আজগর আলী বলেন, "অর্ণবকে সবার সামনে শাসন করে সমস্যাটির শান্তিপূর্ণ সমাধান করেছি।"
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ড. মো. আরজু মিয়া বলেন, বিষয়টি প্রশাসন জেনেছে। এ ব্যাপারে অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
গত ২২ মে বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে নির্যাতন করার অভিযোগে অর্ণবকে এক বছরের জন্য স্থগিত বহিষ্কার এবং পাঁচ হাজার টাকা জরিমানা করে প্রশাসন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/২৩৪৯ ঘ.
bdnews24