ঢাকা, জুলাই ১১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সন্ত্রাসবিরোধী আইন সংশোধনের খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইনের খসড়াও অনুমোদন করা হয়।
সচিবালয়ে মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। পরে বৈঠকের সিদ্ধান্ত সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান প্রধানমন্ত্রীর প্রেসসচিব আবুল কালাম আজাদ।
তিনি বলেন, মন্ত্রিসভা সন্ত্রাসবিরোধী (সংশোধিত) আইন-২০১১ এ নীতিগত অনুমোদন দিয়েছে। অনুমোদন পেয়েছে মানব পাচার প্রতিরোধ ও দমন আইন এবং দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইনের আইনের খসড়াও।
সন্ত্রাসবিরোধী আইন
সমাজে অস্থিরতা সৃষ্টি, দেশের সার্বভৌমত্ব ও অখণ্ডতা বিপন্ন করতে বিস্ফোরক দ্রব্য রক্ষণাবেক্ষণ ও ব্যবহার, জঙ্গি তৎপরতা বন্ধ, আগ্নেয়াস্ত্রসহ বিভিন্ন ধরনের অস্ত্র ব্যবহার করে আতঙ্ক সৃষ্টি, সন্ত্রাস এবং সন্ত্রাসী কাজেরর জন্য অর্থ লেনদেন বন্ধে ২০০৯ সালে সন্ত্রাসবিরোধী আইন করে সরকার।
এ আইনের সংশোধনীর খসড়ায় বাংলাদেশের অখণ্ডতা, সংহতি, নিরাপত্তা বা সার্বভৌমত্ব বিপন্ন করতে কাউকে হত্যা, আঘাত, আটক বা অপহরণের উদ্দেশ্য বা কোনো ব্যক্তির সম্পত্তির ক্ষতি করতে বিস্ফোরক দ্রব্য, দাহ্য পদার্থ, আগ্নেয়াস্ত্র বা অন্য কোনো প্রকার রাসায়নিক দ্রব্য ব্যবহার কিংবা রাখার বিষয়কে স্স্পুষ্ট অপরাধ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়েছে।
সংশোধনীতে সন্ত্রাসী কাজে জড়িত থাকা অথবা এজন্য আর্থিক লেনদেনের জন্য অপরাধের শাস্তি বাড়ানো হয়েছে। এতে শাস্তির মেয়াদ তিন বছরের পরিবর্তে চার বছর এবং এর অতিরিক্ত অর্থদণ্ডের বিধান রাখা হয়েছে। আর্থিক দণ্ডের পরিমাণ সংশ্লিষ্ট সম্পত্তির দামের দ্বিগুণ অথবা দশ লাখ টাকা করা হয়েছে।
প্রেস সচিব বলেন, বর্তমান আইনে সন্ত্রাসী কার্যক্রমের ধরন ও প্রকৃতি পরিবর্তনের কারণে বিশেষ করে সন্ত্রাসী কার্যক্রমে অর্থ জোগানের অপরাধের বিষয়টির সুস্পষ্ট ব্যাখ্যা নেই। এতে ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে অর্থপাচারের বিষয় উল্লেখ থাকলেও ব্যাংক ছাড়া অন্য আর্থিক প্রতিষ্ঠানের মাধ্যমে অর্থ পাচারের বিষয়ে কিছু উল্লেখ নেই।
প্রস্তাবিত খসড়ায় সন্দেহজনক লেনদেন সংক্রান্ত তথ্য অভ্যন্তরীণ ও বৈদেশিক আইন প্রয়োগকারী সংস্থাকে সরবরাহ, কোনো আর্ন্তজাতিক, আঞ্চলিক বা দ্বিপক্ষীয় চুক্তি জাতিসংঘের কনভেনশন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেওয়া সিদ্ধান্তের আওতায় কোনো ব্যক্তি বা সত্ত্বার হিসাব জব্দ করার উদ্যোগ নেওয়া ও নিষ্পত্তি করা এবং সন্ত্রাসী কাজে অর্থায়ন সংক্রান্ত তথ্য সরবরাহের জন্য বাংলাদেশ ব্যাংককে ক্ষমতা দেওয়ার বিধান সংযোজন করা হয়েছে।
সংশোধিত আইনে এ সংক্রান্ত ঘটনার পুলিশি তদন্তের সময় ৩০ দিন থেকে বাড়িয়ে ৬০ দিন এবং পরবর্তীতে প্রয়োজনে আরো ৩০ দিন সময় বাড়ানোর সুযোগ রাখা হয়েছে।
নতুন আইনে কোনো অপরাধের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তির সম্পত্তি, কোনো বিদেশি রাষ্ট্র বা সংস্থার অনুরোধের পরিপ্রেক্ষিতে কিংবা কোনো আর্ন্তজাতিক, আঞ্চলিক বা দ্বি-পক্ষীয় চুক্তি, জাতিসংঘের কনভেনশন বা জাতিসংঘের নিরাপত্তা পরিষদে নেওয়া সিদ্ধান্তের আওতায় জব্দ করা যাবে। ক্ষেত্র অনুযায়ী সরকার, উপযুক্ত আদালত কিংবা সংশ্লিষ্ট রেজুলেশনের এ ধরনের ব্যক্তির সম্পত্তি জব্দ এবং নিষ্পত্তিযোগ্য বাজেয়াপ্ত এবং ফেরৎ দেওয়ার বিধানও এতে সংযোজন করা হয়েছে।
তবে আন্তঃরাষ্ট্রীয় পারস্পরিক সম্মতি ছাড়া এ আইনের অধীনে কোনো অপরাধের অভিযোগ বিচারের জন্য বাংলাদেশের কোনো নাগরিককে কোনো বিদেশি রাষ্ট্রের কাছে সমর্পণ করা যাবে না বলে খসড়ায় উল্লেখ করা হয়েছে।
মানব পাচার প্রতিরোধ ও দমন আইন
আবুল কালাম আজাদ বলেন, মানব পাচারের ঘটনা দীর্ঘদিন ধরে ঘটলেও এতদিন এটি রোধে দেশে কার্যকর আইন ছিলো না। এ কারণে নতুন করে এই আইন প্রণয়ন করা হচ্ছে।
খসড়ায় এ ধরনের অপরাধের জন্য নারী ও শিশু পাচার আইনের আলোকে সর্বোচ্চ শাস্তি মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন কারাদণ্ড এবং পাঁচ লাখ টাকা জরিমানা অথবা উভয় দণ্ডের বিধান রাখা হয়েছে।
দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) আইন
দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিয়ন্ত্রণে গত তত্ত্বাবধায়ক সরকারের সময় দেওয়াল লিখন ও পোস্টার লাগানো (নিয়ন্ত্রণ) অধ্যাদেশ জারি করা হয়েছিল। ওই অধ্যাদেশের আলোকেই নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে।
আবুল কালাম আজাদ বলেন, নতুন আইন অনুমোদন হলে যত্রতত্র দেওয়াল লিখন ও পোস্টার লাগানো নিষিদ্ধ হবে। শুধু নির্দিষ্ট স্থানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দিষ্ট ফি দিয়ে পোস্টার লাগানো অথবা দেওয়ালে লেখা যাবে।
এদিন মন্ত্রিসভার বৈঠকে আন্তর্জাতিক বিমানবন্দর, স্থলবন্দর ও নৌ-বন্দরে বেসরকারি ও ব্যক্তিমালিকানাধীন 'শুল্কমুক্ত' বিপণীবিতান স্থাপনের একটি প্রস্তাবও অনুমোদন করা হয়েছে বলে আজাদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমকে/এএল/জেকে/১৭৪২ ঘ.
bdnews24